মাদ্রিদ, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ এখনো সবার ওপরে। শনিবার রাতে আলমেইরাকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে তারা, সুবাদে ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে তারাই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। এই ম্যাচের পর রিয়ালের দৃষ্টিকোণ থেকে এটাই দেয়ার মতো সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য, কারণ ম্যাচে তাদের চেয়ে তাদের প্রতিপক্ষ অখ্যাত আলমেইরাই ছিল বেশি উজ্জ্বল। ইংলিশ লিগের ফেভারিটদের অবশ্য রিয়ালের মতো ভাগ্য হয়নি। ড্র করেছে চেলসি ও লিভারপুল। ম্যানচেস্টার কোনোরকমে একমাত্র গোলে জিতেছে এভারটনের বিপক্ষে। একমাত্র আর্সেনালই জিতেছে স্বচ্ছন্দ্যে আর টটেনহ্যামের বিপক্ষে এই জয় তাদের নিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষেও।
নিজেদের মাঠেও রিয়াল স্বাভাবিক খেলা খেলতে পারেনি প্রথমার্ধে। বরং বেশি উজ্জ্বল ছিল অতিথি আলমেইরা। দ্বিতীয়ার্ধেও সেই ধারা বজায় রেখে শুরু করেছিল কিন্তু তাদের কালুর গোলটি অফসাইডের ধুয়ো দিয়ে বাতিল করে দেন রেফারি। এর মধ্যে আবার তারা ১০ জন হয়ে পড়ে আলবার্ট ক্রুসেট লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ায়। এই ১০ জনের দলের বিপক্ষে ৩৬ মিনিটে স্যাভিওলার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন রাউল, কিন্তু স্নাইডার সেই সুযোগ নষ্ট করেননি। দু মিনিট পরই তার ফ্রি কিকে ফ্রিকিকে ২-০ গোলে এগিয়ে যায় তারা।
কিন্তু ১০ জন নিয়েও হাল ছাড়েনি আলমেইরা প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখে এবং ৭৩ মিনিটে স্ট্রাইকার উচের গোলে তারা ব্যবধান কমায়। তার এক মিনিট পরই ফিলিপে মেলো সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচটা সমতায় চলে আসতো। সেটা যখন হয়নি তখন খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক অগে রাউলের গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
স্প্যানিশ লিগের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ২-১ গোলে হারিয়েছে ভ্যালাডলিডকে, জারাগোজা ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠে গেছে আর্সেনাল। এই জয়ের মূল রূপকার ইমানুয়েল আদেবায়ের। টোগোর এই স্ট্রইকার দুই গোলের সঙ্গে সেস ফেব্রেগাসের গোলে নিশ্চিত হয় অঁরির ছেড়ে আসা দলের জয়।
১৩ পয়েন্ট পাওয়া আর্সেনালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে থাকার সুযোগ ছিল চেলসির। কিন্তু তা নষ্ট করেছে তারা ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে গোলশুন্য ড্র করে। আর পোর্টসমাউথের সঙ্গে গোলশূন্য ড্র করে লিভারপুল নেমে গেছে দ্বিতীয় স্থানে। ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবারের মতো শীর্ষ চারে এসেছে এভারটনকে ১-০ গোলে হারিয়ে।
আর্সেনাল শেষপর্যন্ত জিতলেও ১৪ মিনিটে গ্যারেথ বেল প্রথম গোল করে টটেনহ্যামকে স্বপ্ন দেখিয়েছিলেন '৯৯-এর পর চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর। ৬৫ মিনিটে অবশ্য স্বপ্ন ভেঙ্গে দেন আদেবায়ের, সিসের ফ্রিকিকে দুর্দান্ত হেড করে ম্যাচে সমতা নিয়ে আসেন তিনি। তারপর ২৫ গজ দূর থেকে ফেব্রেগাসের শটে এগিয়ে যাওয়া গানারদের জয় নিশ্চিত হয় আদেবায়ের অতিরিক্ত সময়ের গোলে।
ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরেছিলেন এই ম্যাচে, কিন্তু ফেরেনি ম্যানচেস্টারের গোলের ধারা। এভারটনের বিপক্ষে ম্যাচও গোলশূন্য ছিল ৮৩ মিনিট পর্যন্ত, শেষ পর্যন্ত ভিদিচের হেড থেকে আসা গোলে চ্যাম্পিয়নরা রক্ষা পেয়েছে আরেকবার। মৌসুমের শুরু থেকেই ভুগতে থাকা ম্যানচেস্টার এই প্রথমবারের মতো উঠে এল শীর্ষ চার-এ।
চেলসি ড্র করেছে ব্ল্যাকবার্নের সঙ্গে। লিভারপুলের ড্র করাটা অবশ্য তাদের জন্য সৌভাগ্যই বলতে হবে, কারণ প্রতিপক্ষ পোর্টসমাউথ নষ্ট করেছে একটা পেনাল্টিও।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24