ঢাকা, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ-ভারত ম্যাচ হলে যাকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ভয় থাকে সেই বাইচুং ভুটিয়াই সর্বনাশ করলেন বাংলাদেশের। পঞ্চম মিনিটেই তার করা গোলটিই শেষপর্যন্ত হয়ে থেকেছে নেহেরু কাপের বাংলাদেশ-ভারত ম্যাচের ব্যবধানের সূচক। মানে ভারত ম্যাচে জয়ী ১-০ গোলে। সিরিয়ার কাছে আগের ম্যাচে দুই গোলে হারা বাংলাদেশের এটা টানা দ্বিতীয় হার, কিন্তু কোচ নাঈমুদ্দিন ম্যাচ শেষে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পারফরম্যান্সে।
সন্তুষ্ট তিনি হতেই পারেন। ভারতের মাটিতে খেলা, তারা তুলনামুলকভাবে অনেক বেশি প্রস্তুত, তুলনায় তেমন কোনো প্রস্তুতি ছাড়াই ম্যাচটা খেলতে গেছে বাংলাদেশ। সেদিক চিন্তা করলেই এটা কৃতিত্বপূর্ণ, কৃতিত্বটা আরও বেড়ে যাচ্ছে যখন দেখা যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমই বলছে ম্যাচে বাংলাদেশের মধ্যমাঠ ছিল অনেক বেশি কার্যকর। বিশেষ করে মাত্র পঞ্চম মিনিটে গোল খাওয়ার পর গুছিয়ে উঠে যেভাবে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলেছে সেটা সবার কাছেই প্রশংসনীয়। গোলটার জন্য বাইচুংয়ের সুযোগসন্ধানী মানসিকতার প্রশংসা করতেই হবে, কিন্তু বাংলাদেশ নিজেদের দুর্ভাগা মনে করতেই পারে। বক্সের বাইরে থেকে আসা একটা শটে বাইচুং তার মার্কারকে এড়িয়ে বাঁ পায়ে যে শট নেন সেটা গোলরক্ষক বিপ্লবের পায়ে লেগে প্রথমে গিয়ে আঘাত করে দূরের পোস্টে। সেখান থেকে কিছুক্ষণ গোললাইনের ওপর চলে তারপর লাইনটা পেরোয়, বিপ্লব ততোক্ষণে বলের কাছে চলেও গিয়েছিলেন, কিন্তু একটুর জন্য...
এরপরই মধ্যমাঠে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ গোল শোধের চেষ্টা করে গেছে। ১৯ মিনিটে আবুলের শট থেকে সমতা চলেই আসতে পারত, কিন্তু গোলরক্ষক সুব্রত পাল বাধা হয়ে দাঁড়ান। কয়েক মিনিট পর রজনীর থ্রো থেকে এমিলির ব্যাক হেড ফিরে আসে ক্রসবারে লেগে। কিছুক্ষণ পর মিডফিল্ডার জাহিদের দুরপাল্লার শট পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভারত সুযোগ পেয়েছিল অনেক বেশি, কিন্তু গোলরক্ষক বিপ্লবের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি।
তাই ব্যবধান শেষপর্যন্ত ১-০ ই, বাইচুংই ম্যাচের নির্ধারক। বাংলাদেশ কোচ নাঈমুদ্দিন কিন্তু মনে করেন, এই হেরে যাওয়া ম্যাচ থেকেও পাওয়ার আছে অনেক কিছু ,''ওরা অনেক বেশি প্রস্তুতি নিয়েছে। আমাদের প্রস্তুতি তুলনামুলক খুব কম। শুরুতে গোল খেয়েও খেলোয়াড়রা ভেঙ্গে না পড়ে লড়াই চালিয়ে গেছে। এটা কৃতিত্বের বিষয়। কাজেই পারফরম্যান্সে আমি হতাশ নই।''
গ্র"পের অন্য দুই দল কম্বোডিয়া ও কিরঘিজিস্তানের সঙ্গে বাংলাদেশ খেলবে ২২ ও ২৪ আগস্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২২৫০ঘ.
bdnews24