ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাফুফের চাকুরে হয়ে গেলেন কর্নেল (অব.) ওবায়েদুল্লাহ খান। এতদিন এই নামটি ও ডিসিপ্লিনারি কমিটি প্রায় সমার্থক হয়ে গিয়েছিল--প্রায় সময়ই বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সদস্য ছিলেন তিনি। সোমবার থেকে তার নতুন পরিচয় হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চিফ অপারেটিং অফিসার (সিওও)।
এএফসি বারবার তাগাদা দিয়ে আসছিল বেতনভুক্ত নির্বাহী নিয়োগের জন্য। অবশেষে তা মেনেই কর্নেল (অব.) ওবায়েদুল্লাহ খানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু। এবং সোমবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে অফিস করা শুরু করেছেন।
এদিকে নেহরু কাপ ও মারদেকা কাপে যাওয়ার সূচিও চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মালু। আগামী ১৬ আগস্ট নজরুলের নেতৃত্বাধীন দলটি নেহরু কাপের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং তার একদিন পরেই মালয়েশিয়া রওনা হচ্ছে হাসান আল মামুনের নেতৃত্বে অন্য দলটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৫ঘ.
bdnews24