ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনও। ঢাকার বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন, ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া ৩৮ লাখ টাকা সোমবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
বন্যাদুগর্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বি. লিগের জমকালো পুরস্কার বিতরনী অনুষ্ঠানের চিন্তা বাদ দিয়ে সাদামাটা এক আয়োজন করে। সেখান থেকে সাশ্রয় হওয়া ৫ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে। তবে বড় অংকটা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, ১০ লাখ টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারীরা দিয়েছেন এক দিনের বেতন। সাহায্যের হাত বাড়িয়েছে ক্রীড়াঙ্গনের অন্যান্যরাও। সব মিলিয়ে ৩৮ লাখ টাকা সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। তখন সেখানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ, সচিব আমিনুল ইসলাম খান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৬ ঘ.
bdnews24