ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- আবারো ড্র করে পয়েন্ট হারিয়েছে মুক্তিযোদ্ধা। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ড্র করা মুক্তিযোদ্ধা বুধবার গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জের সঙ্গে। এতে করে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্টতালিকায় তারা শেখ রাসেলের সঙ্গে শীর্ষে। তবে তাদের চেয়ে দু ম্যাচ কম খেলে ঢাকা আবাহনী ও এক ম্যাচ কম খেলে ঢাকা মোহামেডানের সংগ্রহ ২৬ পয়েন্ট করে। চট্টগ্রামে স্থানীয় মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচটিও ১----১ গোলে ড্র হয়েছে।
এর আগে প্রথম লেগেও মুক্তিযোদ্ধা পয়েন্ট হারিয়েছিল ফরাশগঞ্জের কাছে। ওই ম্যাচ ২----২ গোলে ড্র হয়েছিল। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ গোলের মুখই দেখেনি। অসুস্থতার কারণে আলফাজ আরমানকে একাদশের বাইরে রেখেই নামে মুক্তিযোদ্ধা। তারপরও কাগজে---কলমে তারা ফরাশগঞ্জের চেয়ে অনেক এগিয়ে থাকলেও মাঠে তার প্রমাণ রাখতে পারেনি। ফরাশগঞ্জের ডি বক্সে গিয়েই তালগোল পাকিয়ে যায় তাদের সব আক্রমণ। ম্যাচের শেষের দিকে কাঞ্চনের হেডটি ক্রসবার উঁিচয়ে গেলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় মুক্তিযোদ্ধকে।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বি. লিগের অন্য ম্যাচে চট্টগ্রাম মোহামেডান গোল দিয়েও তা ধারে রাখতে পারেনি। ৬৬ মিনিটে আসিফের দেওয়া গোলটি শোধ হয়ে যায় মিনিট দশেক পরেই। গোল শোধ করেন রহমতগঞ্জের ফ্রান্সিস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯২১ঘ.
bdnews24