ম্যাড়ম্যাড়ে ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী
ঢাকা আবাহনী ১ ঃ ঢাকা মোহামেডান ০ আবাহনীর ঘাড়ে চেপে থাকা বিশাল পাথরটি অবশেষে নেমে গেল। নামালেন অধিনায়ক আরিফ খান জয়। সুবাদে প্রথম দু ম্যাচে গোলহীন আবাহনী বি. লিগে যুগপৎ গোল এবং জয়ের দেখা পেয়েছে।
ওই গোলের ভুত এমনভাবে তাদের পেয়ে বসেছিল যে খেলার সৌন্দর্যের কথা বেমালুম ভুলে গেছে আবাহনী। আর মানুষও যেন ভুলে গেছে আবাহনী ----- মোহামেডানের চিরকালীন ফুটবল ঐতিহ্যের লড়াইয়ের কথা। যা হলো, সেটাকে আসলে লড়াই বললে ঠিক মানায় না, এরকম ম্যাচে ভালো খেলার তাগিদ নেই, জেদ নেই, মাঠে তাপ ---- উত্তাপ নেই--------- সব মিলিয়ে একটা ম্যাড়ম্যাড়ে আবাহনী ---- মোহামেডান ম্যাচ। মাঠের ভেতরের লড়াইটা ক্রমশ জলো হয়ে যাচ্ছে বলেই কমে যাচ্ছে বাইরের উত্তাপও। তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী --- মোহামেডান ম্যাচেও থাকে মাত্র হাজার পাঁচেক লোক!
আবাহনী জিতেছে, এটাই কেবল সত্য। নইলে অনেক কিছুরই সত্যতা এখনো প্রমাণের অপেক্ষায়। যেমন আর্জেন্টাইন পেরোডি----ক্যাপোরলেরা এখনো ফুটবলীয় জাতি সত্ত্বার পরিচয় দিতে পারেননি। গবেষণায় বসতে হবে বিদেশী ক্রুসিয়ানির দল আর অমলেশের আবাহনীর পার্থক্য নিরূপন করতে। মোটামুটি কোটি টাকার আবাহনীর খেলা আর ৩০ --- ৪০ লাখ টাকার মোহামেডানের খেলার মধ্যে আপাতত তেমন তফাৎ নেই।
তারপরও সৌন্দর্য্যহীন খেলায় ঢাকা আবাহনীই প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করে। ১৬ মিনিটে পেরোডির শট গোলরক্ষক হিমেল কর্ণারের বিনিময়ে ঠেকিয়েছেন। মিনিট পাঁচেক পরেই সেই আর্জেন্টাইনের স্ট্রাইকার পরিচয় নিয়ে সংশয় জাগে। তার সামনে শুধু গোলপোস্ট, তারপরও বল আয়ত্তে নিয়ে তিনি মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার পিটারের সঙ্গে পেরে ওঠেননি। এরপর উজ্জ্বলের একটা সাইডভলি পোস্টে যেতে পারতো। কিন্তু এক ডিফেন্ডারের পায়ে লেগে সেই সুযোগও নষ্ট হয়ে যায়।
ব্যর্থতার মিছিল দেখতে দেখতে সবাই যখন শংকিত হয়ে পড়ছিল তখনই জয়ের গোল এবং আবাহনীর উৎসব। ৪৪ মিনিটে সেটা কোনো পরিকল্পিত আক্রমন ছিল না, বাঁ -- দিক থেকে উজ্জ্বলের কর্ণারে অধিনায়ক আরিফ খান জয় নীচু হয়ে চমৎকার এক হেডের মাধ্যমে প্রথম গোল উপহার দেন আবাহনীকে। আবাহনীর এই উৎসবের পরই নকীবের আবেগঘন বিদায়। ফুলে ফুলে ভরে উঠে তার গলা, কিন্তু বাঁধ মানে না চোখের জল। দু দলের দর্শক --- সমর্থকদের হাততালি ও ভালোবাসায় সিক্ত হয়ে ফুটবলকে বিদায় জানান মোহামেডানের এই গোলমেশিন।
এই গোলের পর আবাহনী যা আগে খেলেছিল তা -- ও যেন ভুলে যায়। জেগে ওঠে মোহামেডান। নিজেদের মধ্যে কোনো ভুল পাসের ছড়াছড়ি নয়, সাধ্যমতো খেলে আবাহনীর ডিফেন্স পর্যন্ত যায়, তবে তারপর আর পারে না। তাই শুরু হলো দূর থেকে শট নিয়ে বিপ্লবকে পরাস্ত করার চেষ্টা। গোলরক্ষক পরাস্ত না হলেও কিন্তু ভয়ে----শংকায় কেঁপে উঠেছিল আবাহনী শিবির। জাহিদ ও ডিভিইনের শট দুটো কোনোরকমে ঠেকিয়েছেন বিপ্লব। তবে খেলা শেষের আগমুহুর্তে গোল শোধ করার সহজ সুযোগটা পেয়েছিলেন মোহামেডানের আরিফ, বক্সের ভেতর থেকে যা বাইরে মেরে নষ্ট করেছেন।
তার সঙ্গে সঙ্গেই বেজেঁ ওঠে শেষ বাঁশি। যার সুরে মিশেছিল আবাহনীর জন্য প্রথম জয়ের আনন্দ। আর মোহামেডানের ছিল ঐতিহ্যের লড়াইয়ে হারার লজ্জা। তবে তারকাহীন মোহামেডান কোটি টাকার দলের সঙ্গে যেভাবে লড়েছে তাতে লজ্জার অংশটুকু কম হয়ে গর্বই বেশি থাকা উচিত।
আবাহনী ঃ বিপ্লব, ফয়সাল, নজরুল, সিরাজী, জয়, উজ্জ্বল, এমিলি, আবুল, পেরোডি (জাহিদ পারভেজ), ক্যাপোরালে (প্রদীপ), ইব্রাহিম (প্রাণতোষ)।
মোহামেডান ঃ হিমেল, জাহিদ (আসাদ), আরিফ, পিটার, বিপ্লব, ডিভাইন, মিঠু (শরীফ), কামাল, পল, নকীব, (ফরহাদ), ফ্রান্সিস।
