২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে বায়ার্ন, মিলান, পিএসভি আর ম্যান ইউ

মাত্র ১০ সেকেন্ডে গোল! রয় ম্যাকের করা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের দ্রুততম গোলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ফিরতি লেগে তারা শেষ পর্যন্ত ১ ----- ২ গোলে হার মেনেছে বায়ার্ন মিউনিখের কাছে। আর তাতেই টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের বিদায়ঘন্টা বেজে গেছে। মাদ্রিদে অনুষ্ঠিত প্রথম লেগ রিয়াল ৩ ---- ২ গোলে জেতায় দু ম্যাচ শেষে ‘অ্যাগ্রিগেট’ দাঁড়িয়েছে ৪------৪। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বায়ার্ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বুধবার শেষ আটে জার্মান পরাশক্তির সঙ্গী হয়েছে আরো তিনটি ক্লাব ---- এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসভি আইন্দহোফেন। ঘরের মাঠ সানসিরোতে মিলানের জয়ের নায়ক কাকা। দু সপ্তাহ আগে সেল্টিক থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরা এসি মিলান নিজেদের মাঠেও নির্ধারিত ৯০ মিনিটশেষে গোল করতে পারেনি। অবশেষে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ব্রাজিলিয়ান তারকা কাকা সমস্ত দুশ্চিন্তা দূর করেছেন মিলানের, স্বাগতিকরা জিতেছে সেই এক গোলেই।

ওল্ড ট্র্যাফোর্ডে লিলের বিপক্ষে ম্যানইউ’র জয়ের ব্যবধানও ১ --- ০। এবং সেই জয় এসেছে ‘অতিথি’ হেনরিক লারসনের গোলে। ১০ সপ্তাহের জন্য ধারে খেলতে আসা এই সুইডিশ স্ট্রাইকারের এটাই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ'র হয়ে শেষ ম্যাচ। ওল্ড ট্র্যাফোর্ডেও আর কখনো ‘রেড ডেভিল'দের জার্সি গায়ে দেখা যাবে না তাকে। এমন আবেগঘন এক ম্যাচকে লারসন স্মরণীয় করে রাখলেন ৭২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্রসে হেড করে লিলের জাল কাঁপিয়ে। এ জয় দিয়ে প্রথম লেগে রায়ান গিগসের বিতর্কিত এক গোলে পাওয়া প্রশ্নবিদ্ধ জয়টাকেও যেন পেছনে ফেলেছে ম্যানইউ।

তবে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল এবারের মতো বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। প্রথম ম্যাচে আইন্দহোফেন থেকে ০ ----- ১ গোলে পরাজয়ের যন্ত্রণা নিয়ে ফেরা ‘গানার্স’ এবার নিজেদের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১ ----- ১ গোলে ড্র করেছে। তাতেই সর্বনাশ হয়েছে টুর্নামেন্টের গত বারের রানার্সআপদের। গোল ব্যাবধানে ২ ----- ১ --- এ এগিয়ে থাকায় শেষ আট নিশ্চিত হয়েছে ডাচ ক্লাব আইন্দহোফেনেরই।

মজার ব্যাপার হলো, এই ম্যাচের দুটো গোলই অ্যালেক্সের! ৫৮ মিনিটে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া আইন্দহোফেনের ত্রাতাও তিনি। শেষ বাঁশির মিনিট সাতেক আগে কর্নার থেকে হেড করে গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত নিজেই করেছেন অ্যালেক্স। ফলে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার মতো রানার্সআপরাও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়।

মঙ্গলবার চেলসি, লিভারপুল, রোমা ও ভ্যালেন্সিয়া শেষ আটে উঠে যাওয়ায় এবারের চ্যাম্পিয়ন্স লিগের ৮ কোয়ার্টার ফাইনালিস্টই নিশ্চিত হয়ে গেল। শুক্রবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র। 

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দর্শকরা গুছিয়ে বসতে না বসতেই রেকর্ডবুকের পাতায় ঢুকে গেছেন ডাচ স্ট্রাইকার ম্যাকে। রবার্তো কার্লোসের ভুলকে কাজে লাগিয়ে ডান দিক থেকে ক্রস করেছিলেন সার্বিয়ান মিডফিল্ডার হাসান সালিহামদিজিচ। তা থেকেই সবাইকে স্তম্ভিত করে ম্যাকের ইতিহাস সৃষ্টি করা সেই গোল (১------০)। এগিয়ে যাওয়ার পরও আক্রমণ করা এবং গোলের সুযোগ তৈরিতে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিল বায়ার্নই। তারপরও দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৬৬ মিনিট পর্যন্ত। প্রথম লেগেও গোল করা ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিও হেড থেকে লক্ষ্যভেদ করে আনন্দে ভাসিয়ে দিয়েছেন স্বাগতিক সমর্থকদের। রিয়াল অবশ্য একটা গোল ফিরিয়ে দিতে পেরেছে। ৮৩ মিনিটে রবিনহোকে বক্সের মধ্যে ফেলে দিলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। নিস্টলরয় শট নিতে যাওয়ার আগে আরেক নাটক। তুচ্ছ কারণে বায়ার্নের মার্ক ফন বমেল ও রিয়ালের মোহাম্মাদু দিয়ারা ধাক্কাধাক্কি করলে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লালকার্ড দেখান দু জনকেই। সেই উত্তেজনা অবশ্য নিস্টলরয়কে স্পর্শ করতে পারেনি। ঠান্ডা মাথায় ব্যবধান কমিয়েছেন তিনি। শেষ মুহূর্তে সার্জিও রামোস বায়ার্নের জালে আরেক বার বল পাঠিয়েছিলেন ঠিকই । কিন্তু হ্যান্ডবলের অভিযোগে রেফারি গোলটা বাতিল করায় পরাজয়ের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের।