‘কোটি টাকার’ আবাহনীকে রুখে দিল চট্টগ্রাম মোহামেডান
ঢাকা আবাহনী ০ ঃ চট্টগ্রাম মোহামেডান ০ তিন আর্জেন্টাইন মিলেও পারেননি চট্টগ্রাম মোহামেডানের গোলমুখ খুলতে। সুবাদে আগের ম্যাচে মুক্তিযোদ্ধাকে বধ করা চট্টগ্রামের দলটির কপালে আরেকটি জয়টীকা। ম্যাচ জিততে না পারলেও ক্ষতি কী, নিজেদের অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট কেড়ে নিয়ে ঢাকা আবহনীকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া এবং দর্শকদের দুয়ো ধ্বনি শুনতে বাধ্য করার মধ্যেও তো কম গৌরব নেই।
এখনো পর্যন্ত কোনো জয় নেই ঢাকা আবহনীর। মুক্তিযোদ্ধার সঙ্গে প্রথম ড্র ম্যাচের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচেও আর্জেন্টাইন সমৃদ্ধ আবাহনীর পারফরম্যান্সের নীটফল দাঁিড়য়েছে শূন্য। হাজার দুয়েক আবাহনী সমর্থক বুক বেধেঁছিল আর্জেন্টাইনদের গায়ে নীল------আকাশী জার্সি দেখে আর সেটা অনেক বড় স্বপ্নের উসকানি দিলেও মাত্র ৯০ মিনিট পরই হয়ে গেছে স্বপ্নভঙ্গ। যার করুণ সমাপ্তি ঘটেছে দুয়ো ধ্বনি এবং অজেন্টাইনদের মুন্ডুপাতের মধ্য দিয়ে।
শুধু ম্যারাডোনার দেশ থেকে এসেছে তারা, এটাই কেবল সনদ। নইলে বাকি সবকিছুই আর দশটা সাধারণ খেলোয়াড়দের মতোই ভুলচুকে ভরা। অন্তুত তাদের প্রথম দিনের খেলা তারই সাক্ষী হয়ে আছে। এই দিনে আরেকটা জিনিসও আবিস্কৃত হয়েছে; গ্রেট ম্যারাডোনার নান্দনিক ফুটবলের সামন্যতম কিছু না পেলেও তার অভিনয়টুকু ভালই রপ্ত করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পেরোডি। প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে কারণে-----অকারণে তিনি চিৎপটাং! এরকম পড়ে গিয়ে একবার পেনাল্টিও আদায় করে নিয়েছিলেন। কিন্তু পেনাল্টি শটে আবার নিজের ফুটবল দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। মাঝমাঠের সানচেজও শেষের মিনিট পাচেঁক খেলে কিছু প্রমাণ করতে পারেননি। যা একটু প্রমাণ করেছেন ক্যাপোরোলে, ডিফেন্সটাকে সংগঠিত রেখে অন্তত আবাহনীর গোলপোস্ট বিপদমুক্ত রেখেছিলেন তিনি। সুবাদে একটু আস্থাভাজন হয়েছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
শুধু তো তিন আর্জেন্টাইন নন, ঘানা থেকে উড়িয়ে আনা ইব্রাহিমও শুরু থেকেই খেলেছেন এবং ফুটবল যে দলীয় খেলা তা ভুলে গেছেন। তার পায়ে বল পড়লে বাকি ১০ সতীর্থের কথা ভুলে গিয়ে নিজের মতো খেলেছেন, ড্রিবল করার চেষ্টা করেছেন। বলা যায়, মোটামুটি এক বহুজাতিক বাহিনী নিয়েই নিজেদের প্রথম হোম ম্যাচ খেলেছে ঢাকা আবাহনী এবং পয়েন্ট খুইয়েছে।
২৪ মিনিটে আবাহনীর প্রথম সুযোগটিই ছিল দুর্দান্ত। আবাহনীর দেশী স্ট্রাইকার এমিলির কাজ ছিল শুধু মোহামেডানের গোলরক্ষক টিটোকে ফাঁকি দিয়ে বলটা জালে প্লেস করা। সেখানে জয়ী হয়েছেন টিটোই। মিনিট দশেক পরে বাঁদিক থেকে উজ্জ্বলের চমৎকার ক্রসে যেখানে টোকা দিলেই গোল হয় সেখানে অর্জেন্টাইন পেরোডি মেরেছেন বার উঁচিয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে অবশ্য মোহামেডানের বদলি খেলোয়াড় সানোয়ার গোললাইন থেকে নজরুলের টোকা ঠেকিয়ে আবাহনীকে গোল বঞ্চিত করেছেন।
দ্বিতীয়ার্ধেও আবাহনী নিয়ন্ত্রণ করেছে কিন্তু মোহামেডানের ডি---বক্সে গিয়েই সব গুলিয়ে ফেলেছে। সেজন্যই বোধহয় ৬০ মিনিটে ইস্রাফিলের সঙ্গে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন পেরোডি এবং তখনই বিতর্কিত এক পেনাল্টি উপহার পায় আবাহনী। কিন্তু পেরোডির শট ঠেকিয়ে দিয়ে মোহামেডানের গোলরক্ষক টিটো সব বিতর্কের যবনিকা টেনে দিয়েছেন। তারপর ৭২ মিনিটে ইব্রাহিমের শট পোস্টে লেগে বাইরে চলে গেলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় প্রায় কোটি টাকার দল ঢাকা আবাহনীকে।
কিন্তু মাঠের পারফরম্যান্স ও ভাগ্যকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম মোহামেডান আবাহনীর অর্ধেক দামের দল গড়েও ৪ পয়েন্ট নিয়ে বি. লিগের পয়েন্ট তালিকার শীর্ষে।
