মৃত্যু তাকে মিলিয়ে দিলো ক্রনিয়ের সঙ্গে
২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। খোলা জায়গায় প্রেস বক্স, তাতে পাশের জায়গাটায় একজনের নাম দেখে চমকে উঠি। বব উলমার। এই কি সেই উলমার! তা হলে তিনি প্রেসবক্সে আমার পাশে বসে কী করবেন? তিনি তো আর সাংবাদিক নন যে বসে বসে কলম পিষবেন! এবং আসলে তিনিই। সেই বব উলমারই। ক্রিকেটবিজ্ঞানী, ল্যাপটপ কোচ একটু পরে ল্যাপটপ কাঁধে নিয়ে, শর্টস পরে এসে বসলেন পাশে। এই বছর খানেক আগেও তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ, কোচই শুধু নয় ওদের দিয়ে যে ক্রিকেটটা খেলিয়েছেন তাকে ফুটবলের ইয়োহান ক্রুইফের ডাচ দলের টোটাল ফুটবলের আদলে কেউ কেউ টোটাল ক্রিকেট বলতে শুরু করেছেন, তিনি এখন সাংবাদিকের ভূমিকায়। দক্ষিণ আফ্রিকার একটা পত্রিকায় কলাম লিখবেন। ফাঁকে কাজ করছেন আইসিসির সহযোগী সদস্য দেশগুলোকে নিয়ে।
সাত বছর পর এই বিশ্বকাপে এসে প্রেসবক্সে পাশের আসনে বব উলমার বসবেন আশা করিনি। এখন তিনি পাকিস্তান দলের কোচ এবং পাকিস্তান দলের কোচ হওয়াটা সোজা পৃথিবীতে বসে নরকবাস। প্রতিভা আছে, কিন্তু ওরা এমন লাগামহীন যে লাগাম পরাতে গেলে ঢুশ খাওয়ার আশঙ্কা। তাছাড়া ওদের উর্দু মিডিয়াও গালগল্পে এমন বিশ্বাসী যে উলমারের ক্রিকেটবিজ্ঞান ঠিক তাদের ধাতে সওয়ার কথা নয়। সয়ওনি। দলের পারফরম্যান্স কখনোই তাই দক্ষিণ আফ্রিকার মতো ধারাবাহিক স্তরে যায়নি, উল্টো গত ছয় মাসে বল ট্যাম্পারিং, শোয়েবদের ডোপ কেলেংকারি মিলিয়ে এবারের বিশ্বকাপটা উলমারের জন্য জীবন মরণ পরীক্ষা হবে জানা ছিল।
কিন্তু সেই জীবন মরণ পরীক্ষায় মরণই হবে তার অমোঘ পরিণতি এতটা নিষ্ঠুরতা দূরতম কল্পনাতেও ছিল না। কেন হবে! যিনি ক্রিকেটকে নতুন দিকের দেখা দিয়েছেন, ক্রিকেট বিবর্তনের একটা অধ্যায় যার হাত ধরে এবং যিনি ক্রিকেটে মানসিক শক্তির প্রয়োজনীয়তা নিয়ে কলম পর্যন্ত ধরেছেন, তিনি মানসিকভাবে এমন চূড়ান্তভাবে ভেঙ্গে পড়বেন! এই পৃথিবীর নিষ্ঠুরতা। প্রকৃতির সর্বোচ্চ শক্তি প্রদর্শন। যিনি এত বোঝেন এবং জানেন, তাকে শিক্ষা দিয়েই নিয়তি জানাতে চায় সে-ই আসলে শেষপর্যন্ত সর্বোচ্চ শক্তিধর। সেই শক্তির কাছে কোনো গবেষণার মূল্য নেই। পার্থিব সব শক্তিকে ধূলিস্যাৎ করতে তার সময় লাগে আমাদের এক তুড়ি বাজাতে লাগে যতটা সময়।
উলমার পাশে বসে মনযোগে ল্যাপটপে লিখছেন। একাগ্র মনযোগ। চিরন্তন ভদ্রতার প্রতীক তিনি। একবার মনযোগ লক্ষ্য করে বললেন, ‘হাই’। সুযোগ পাওয়া গেল। পরিচয় দিয়ে কথা বলার সময় চাইতেই বললেন, “তুমি নিশ্চয়ই একটু পর খেতে যাবে। আমিও যাব। তখন একসঙ্গে বসে...।” বসলাম আমরা কয়েকজন বাংলাদেশী সাংবাদিক। হানসি ক্রনিয়ের ঘুষ কেলেংকারির ঘটনা তখন তরতাজা। তাই নিয়ে গুজব ডালপালা মেলে কোথায় কোথায় যে চলে যাচ্ছে তার থৈ পাওয়া যাচ্ছে না। উলমার ক্রনিয়ের সবচেয়ে দীর্ঘ সময়ের সঙ্গী, ক্রিকেট বিবর্তনে তার যোগ্য সেনাধ্যক্ষ, তার চিন্তা ক্রনিয়ের বুদ্ধিতে মাঠে অনুদিত হয়েছে, এসব নিয়ে কতো প্রশ্ন। আর সবকিছুর কী গোছানো উত্তর। আবেগ তাকে ছুঁয়ে যায়, কিন্তু তিনি আবেগাক্রান্ত নন। তার কাছে মানবিকতার আগে যুক্তিশীলতা। বারবার জানতে চাইলেন, “এডি ক্রনিয়ের খবরটা শুনে কী বলল!” এডি বারলো তখন বাংলাদেশের কোচ এবং উলমারের কাছ থেকেই জানলাম, এডি বারলো এবং ক্রনিয়েরও একটা দারুণ জুটি হয়েছিল। দুজন মিলিতভাবে অরেঞ্জ ফ্রি স্টেটকে অনেক সাফল্য এনে দিয়েছেন। আর নিজের কৃতিত্ব অনেকটাই বারলোকে দিয়ে বললেন, “সত্যি বললে ক্রনিয়ের মাথায় যে ক্রিকেট এমনভাবে ঢুকে গিয়েছিল তার মূলে আসলে আমি নই, এডি বারলো।” আরেকবার মাথা নোয়ালাম। বড় কোচের প্রতি নয়, একজন বড় মানুষের প্রতি। সেই মানুষটির জীবন গত কয়েকটা বছর ছিল ঝড়বিক্ষুব্ধ। কারণ, পাকিস্তান দল। ওদের উশৃঙ্খলতা এত যন্ত্রণা তাকে দিয়েছে যে তার ক্রিকেটবোধও আক্রান্ত হয়েছে বলেই অনেকের ধারণা। এমনিতে দলের এই অবস্থা, তার ওপর ইমরানের মতো সাবেক তারকাদের সমালোচনার স্রোত। উলমার হয়তো বিশ্বকাপে এসেছিলেন এসব কিছুর জবাব পারফরম্যান্স দিয়ে দিতে। কিন্তু নিয়তি যে তার জন্য অন্য ভাগ্য নির্দিষ্ট করে রেখেছিল। পঞ্চাশ দিনের বিশ্বকাপ, অথচ মাত্র চার দিনের মধ্যেই পাকিস্তান নেই। লেখা লিখতে বসে গত অক্টোবরে জয়পুরে শোয়েবদের ডোপ কেলেংকারির পর সংবাদ সম্মেলনে তার বিধ্বস্ত চেহারাটার কথা ভাবছি আর মনে হচ্ছে, ভালোই তো হয়েছে। বেঁচে থাকলে বোধহীন এবং অশাš,— আবেগী পাকিস্তানের ক্রিকেট মহল কী কাঁটাছেড়া করতো তাকে! সেই মানহানির চেয়ে মানে মানে মৃত্যুকে মেনে নেয়াই তো তার জন্য ভালো হয়েছে।
এবং মৃত্যুর জন্য বিশ্বকাপই আসলে তার যোগ্য মঞ্চ। ক্রিকেটকে যা দিয়েছেন এত বছরে, তাতে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য এই একটা জায়গাই উপযুক্ত। তার মৃত্যুশোক অন্য কোনো সময় হলে হয়তো এতটা ব্যপ্তি পায় না। তার বিয়োগব্যথার সর্বোচ্চ রুপ প্রকাশ তো হচ্ছে বিশ্বকাপ বলেই। খবরটা এলো রোববার ভারতীয় দল যখন অনুশীলন করছে। ভারতীয় এক সাংবাদিকের কাছ থেকে ‘উলমার হাসপাতালে’ খবরটা শুনে গ্রেগ চ্যাপেল বললেন, তুমি কি রসিকতা করছ! সবার কাছে প্রথমে রসিকতা, পরে সেটা চরম বিষাদের বাস্তবতা। পুরো ভারতীয় দল সঙ্গে সঙ্গে শোকস্তব্ধ এবং বাংলাদেশ দলও।
হোটেলের লবিতে আড্ডা মারছিলেন ডেভ হোয়াটমোর। সেখান থেকে বেরিয়ে এসে বললেন,“তার সঙ্গে আমার খুব বেশি ব্যক্তিগত যোগাযোগ ছিল না, কিন্তু ক্রিকেটটাকে সে যেভাবে দেখতো, যেভাবে ভাবত, আমি সবসময়ই তার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।” হাবিবুলের কাছেও এটা বড় একটা হারানোর বেদনা,“ কতো বড় একজন ক্রিকেট ব্যক্তিত্ব ছিলেন। ক্রিকেটের জন্যই এটা বিশাল একটা ক্ষতি।”
’৯৯ বিশ্বকাপের অবিশ্বাস্য ভাগ্যবিড়ম্বনার পর দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে তার বিচ্ছেদ। তারপর ক্রনিয়ের বিরুদ্ধে সেই ঘুষ কেলেংকারির অভিযোগ। এবং তার ওপর অপমানিত ক্রনিয়ের হৃদয়বিদারক মৃত্যু। তার পরও ৫ বছর বেঁচে ছিলেন উলমার। কিন্তু ক্রনিয়েকে সঙ্গে নিয়ে যা করতে পেরেছিলেন, তার কিছ্ইু হয়নি। তেমন যোগ্য সঙ্গী মেলেনি বলেই কী! তাই যদি হয় তাহলে মৃত্যু তাকে মিলিয়ে দিলো তার প্রিয়তম শিষ্যের সঙ্গে। শেষ হলো ক্রনিয়ের ৫ বছরের অপেক্ষাও।
মনে হচ্ছে এটা আসলে মৃত্যু নয়, প্রিয়তম শিষ্যের সঙ্গে পুনর্মিলন। কে জানে, স্বর্গলোকে বসে দুজনে হয়তো ক্রিকেট বিবর্তনের নতুন কোনো অধ্যায় লিখবেন। পৃথিবীর ঝামেলা এবং এর মানুষের বোধের সীমাবদ্ধতার জ্বালা তো আর সেখানে নেই। চারদিকে সৌন্দর্যের পসরা, সুখের হাওয়া, আনন্দ সঙ্গীত আর তার মাঝখানে তারা দুজন! ক্রিকেট বিজ্ঞানকে নতুন দিশা দিতে গভীর গবেষণায় মত্ত।
