অবশেষে বড় দলের সঙ্গে খেলা হচ্ছে বাংলাদেশের
গত সেপ্টেম্বর -- অক্টোবরে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার পর থেকে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, বারমুডা ও কানাডাকেই পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে তাই বড় কোনো দলের সঙ্গে খেলতে না পারার আক্ষেপের কথাও জানিয়ে আসছিলেন ক্রিকেটাররা। সেই আক্ষেপ মঙ্গলবার কিছুটা হলেও যাচ্ছে হাবিবুল বাশারের দলের। এদিন ২০০৭ বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে মাত্রই দেশের মাটিতে ওয়ানডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা নিউজিল্যান্ডের। বারবাডোজের ব্রিজটাউনে নবনির্মিত থ্রি ডাবি¬উ ওভালে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
এ ম্যাচের জন্য ১২ জনের বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছে। রাজিন সালেহ ছাড়াও এই ১২ জনের বাইরে আছেন সহ অধিনায়ক শাহরিয়ার নাফীস এবং মোহাম্মদ রফিক। দাঁতের ব্যথায় ভুগছেন নাফীস। রফিকের কোমরে ব্যথা। ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদের দুজনকেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই এ ম্যাচে ওপেনার জাভেদ ওমরের খেলা নিশ্চিত। বার্বাডোজ থেকে টেলিফোনে ওই দুজনের অবস্থা সম্পর্কে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেট ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ সালাউদ্দিন,“ব্যথা হওয়ায় নাফীস গতকাল (রোববার) স্থানীয় এক দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিল। তার একটা দাঁত তুলে ফেলতে হয়েছে। এখনো সামান্য ব্যথা আছে ওর। আর রফিক ভুগছেন ব্যাক পেইনে। দলের অন্য সবাই ফিট আছে।”
এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার নিউজিল্যান্ডের সঙ্গে এর আগে খেলা সাত ম্যাচের সবকটাতেই হেরেছে বাংলাদেশ। তবে এরচেয়েও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নিউজিল্যান্ডই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যাদের বিপক্ষে এখনো ওয়ানডেতে দু’শ রান করা হয়নি বাংলাদেশের।
১২ জনের দল : হাবিবুল বাশার, তামিম ইকবাল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, তাপস বৈশ্য, সৈয়দ রাসেল এবং জাভেদ ওমর।
