বিশ্বকাপে ভারতের নিরাপত্তায় বিশেষ কম্যান্ডো
‘নাইন ইলেভেন’ অর্থাৎ ২০০১এর ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র (টুইন টাওয়ার) ধ্বংস হওয়ার পর থেকেই পৃথিবী জুড়ে নিরাপত্তাজনিত আতঙ্ক। ক্রিকেটের মাঠও এর বাইরে নয়। আর সেই আতঙ্ক থেকেই বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের দলের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে যাচ্ছে ভারত সরকার। ক্রিকেট দলকে রক্ষার জন্য বিশেষ কম্যান্ডো বাহিনী পাঠাবে তারা।
কয়েক বছর ধরেই ভারতীয় দলকে হুমকি দিয়ে আসছে কয়েকটি ইসলামী জঙ্গি সংগঠন। এ সব হুমকি অবশ্য সীমাবদ্ধ ছিল উপমহাদেশের মধ্যেই। স্থানীয় নিরাপত্তা রক্ষীদের মাধ্যমেই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোও হয়েছে এই সময়টায়। তবে এবার প্রায় টানা দু মাস ওয়েস্ট ইন্ডিজে থাকার সম্ভাবনায় প্রিয় দলকে নিয়ে ভারত সরকার কোনো রকম ঝুঁকি নিচ্ছে না। তাদের আশঙ্কা, ভারত যে সব মাঠে খেলবে সেখানে আক্রমণ হতে পারে। তাই জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা ১৬ সদস্যের এক কম্যান্ডো বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এই বাহিনীতে থাকবেন বোমা বিশেষজ্ঞও। সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়ে অশোক মেহতা নামের এক নিরাপত্তা বিশেষজ্ঞের মন্তব্য,“সন্ত্রাস এখন সারা পৃথিবীরই এক সমস্যা। এর লম্বা হাত পৌঁছাতে পারে যে কোনো জায়গায়। যখন ব্যাপারটা ক্রিকেট দল, যার সদস্যরা জাতীয় সম্পদ, তার ওপরেও ছায়া ফেলে তখন তো সরকারকে সতর্ক থাকতেই হবে।”
