২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভ থাকলেও বিসিবির হাঁড়ির খবর দিলেন না জামিল!

ভবিষ্যতে আবার কখনো সুযোগ হলে দেশের ক্রিকেট প্রশাসনে ফিরতে চান। তার আগে আপাতত ক্রিকেট থেকে বিদায়ই নিয়ে ফেললেন খন্দকার জামিলউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিদায়টা আরো কিছুদিন পরে নিতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান। এই ইচ্ছার সঙ্গে তার একটা স্বপ্নও জড়িয়ে ছিল,“একামেডীর স্পনসর হিসেবে গ্রামীণফোনের সঙ্গে বিসিবির কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলে ফিরলেই একাডেমীর উদ্বোধন হবে, সেসময় আমি থাকবো --- এমন একটা স্বপ্ন ছিল আমার।”

সে স্বপ্ন পূরণের সুযোগ তার আর হয়নি। সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সদস্যপদ পেয়েছিলেন। স্বেচ্ছায় সেই পদে ইস্তফা দেওয়া জামিল কিছু স্বপ্ন পূরণের জন্য বিসিবির অন্যান্য কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েই পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। তিনি সরে যাওয়ার আগেই তাকে সিসিডিএমের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে গাজী গোলাম দস্তগীরকে তার স্থলাভিষিক্ত করা হয়। এমনকি ২৪ ফেব্র“য়ারি বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় গেম ডেভলপমেন্টের ভাইস চেয়ারম্যান শাহীন আফতাবুর রেজা চৌধুরীকেও প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত হয়ে যায়। অথচ সেসব সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করাটাই এখনো জামিলের মনোকষ্টের কারণ হয়ে আছে। মঙ্গলবার বিকেলে ইমপেরিয়াল হোটেলে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সেই কষ্টজনিত ক্ষোভের বিস্ফোরণও ঘটিয়েছেন তিনি,“আমাকে বলার পরও যদি আমি পদত্যাগ না করতাম, তাহলেই না সরিয়ে দেওয়ার বিষয়টা আসত। পদত্যাগ করার সুযোগ প্রাপ্য ছিল আমার। এমন পুরস্কার কাদের দেওয়া হয়? যারা দুর্নীতি করে, প্রতিষ্ঠানের বারোটা বাজায় --- তাদেরই। আমি কোনো দুর্নীতি করেছি বলে কেউ প্রমাণ করতে পারবে না। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। ২০০৩ সালে ডেভলপমেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০/১১ জন ছেলে জাতীয় দলে খেলেছে। অথচ কোন অশুভ চক্রের স্বার্থে আমাকে সরিয়ে দেওয়া হলো, আপনাদের কাছে এ প্রশ্নটা থাকলো। কী অন্যায় করেছি যে ন্যূনতম সৌজন্যতাও আমাকে দেখানো হল না।”

দুর্নীতি, বারোটা বাজানো --- শব্দগুলোর ব্যবহারও জামিলকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করালো। তাহলে কী আপনার চোখে বিসিবিতে তেমন কিছু চোখে পড়েছে? যে জবাব পাওয়া  গেল তাতে অনুসন্ধানে বিসিবির হাঁড়ির অনেক খবর মেলার সম্ভাবনা,“আপনারাই খোঁজ করে দেখুন। শেষ বেলায় আমি কারো নাম বলতে চাই না।”

তবে ঋনের দায় থেকে দুজনের নাম ঠিকই বললেন,“দুজনের কথা না বললেই নয়। আলী আসগার লবী এবং আরাফাত রহমান। সাবেক সভাপতি লবী সাহেব এখন  জেলে। রাজনীতিতে কী করেছেন সেটা অন্য বিষয়। আমি শুধু ক্রিকেট দিয়েই তাকে বিবেচনা করতে চাই। কোনোদিন তিনি আমার দায়িত্বে হস্তক্ষেপ করেননি। ডেভলপমেন্টের ব্যাপক চাহিদা মেটাতে কখনো কার্পন্য করেননি আরাফাত রহমান। এই যে এতো এতো স্টেডিয়াম পেলাম আমরা, এর পেছনেও ছিলেন তিনিই। আমি বলবো বাংলাদেশের ক্রিকেটে আলী আসগার লবী ও আরাফাত রহমানের অবদান অনস্বীকার্য।”