টেনিস কমপ্লেক্স যেন ক্রীড়া পরিষদের কর্মচারী Ñ নিবাস
জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারীদের থাকার জায়গা রমনা টেনিস কমপ্লেক্স ! আর তাদের জায়গা দিতে গিয়ে প্রায় বন্ধই হয়ে গেছে বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়-উন্নতি। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক নুরুল হক প্রধানকেই দায়ী করেছে ফেডারেশন। ক্রীড়া পরিষদের কাছেই এ ব্যাপারে অভিযোগও জানিয়েছেন তারা।
টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছানাউল হকের স্পষ্ট অভিযোগ, “যেখান থেকে আগে আমাদের কিছু আয় হতো, সে জায়গায় এখন থাকে ১৭ জনের মতো জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারি। সেখানে তারা বৈদ্যুতিক হিটার ব্যবহার করে রান্নাবান্না করে খায়। কোনো কারণ ছাড়াই তাদের এখানে বসিয়েছেন নুরুল হক প্রধান।” প্রসঙ্গত উল্লেখ করা দরকার, এক সময় রমনা টেনিস কমপ্লেক্সে গ্যালারির নীচের রুমগুলো ভাড়া দিয়েই কিন্তু ফেডারেশন মাসে মাসে বেশ কিছু টাকা আয় করতো।
ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নুরুল হক প্রধানের দাবি অনুযায়ী সেখানেই তারা সংস্কার করে “খেলোয়াড়দের জন্য সুন্দর হোস্টেল তৈরি করেছে”। গত ৬ ফেব্রুয়ারি একটি টেনিস টুর্নামেন্ট উদ্বোধনের পর টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক চা চক্রে বসে যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীকে কথাগুলো বলেছিলেন নুরুল হক প্রধান। কিন্তু সেই হোস্টেল ঘুরে দেখা গেছে সেখানে আসলে খেলোয়াড়দের থাকার মতো পরিবেশ নেই। একটা গ্যালারির নিচে তৈরি হয়েছে হোস্টেল, সে হোস্টেল কেমন তা বুঝতে না পারলে একবার ঢুকলেই বোঝা হয়ে যাবে সবার। ঢোকার দরজা বেশ উঁচু বলে মাথা উঁচু করেই ঢুকতে পারবেন, কিন্তু ঢুকে যত ভেতরের দিকে যাবেন ততই নুয়ে আসবে মাথা। উঁচু থেকে নিচু হয়ে যাওয়া ছাদের অসুবিধার পাশাপাশি বাড়তি যন্ত্রণা হিসেবে পাবেন দুর্গন্ধ। অথচ এমন হোস্টেল তৈরি করতেই নাকি ৩০ লাখ টাকার মতো খরচ হয়েছে বলে দাবি করেছেন নুরুল হক প্রধান। অবশ্য ফেডারেশন সম্পাদক নিজে প্রকৌশলী বলে তার কাছে হিসেবটা একটু গোলমেলে মনে হয়েছে , “রুমগুলো তৈরিতে ৫/৬ লাখের বেশি খরচ হওয়ার কথা নয়।”
সেই হোস্টেলে থাকেন জাতীয় ক্রীড়া পরিষদের বেতনভুক্ত ১৭ জন কর্মচারি। ওখানেই রান্নবান্না করে খায় তারা। ২০০২ সালে নুরুল হক প্রধান টেনিস ফেডারেশনের অ্যডহক কমিটির সাধারণ সম্পাদক পদে বসেই এ অনিয়মগুলো করেছেন বলে বর্তমান সম্পাদকের অভিযোগ। ছানাউল হক বলেছেন, “শুধু রুম দখল করে রাখা নয়, কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে প্রত্যেকটা বিল বোর্ড থেকে বছরে যে ৫/৬ লাখ টাকা আয় হতো সেটাও হতে দেননি প্রধান সাহেব। ক্রীড়া পরিষদের হয়ে তিনি মাত্র দেড় লাখ টাকায় ভাড়া দিয়েছিলেন বিলবোর্ডগুলো। বিষয়গুলো ক্রীড়া পরিষদকে জানানো হয়েছে, আশাকরি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (পরিচালক ও উন্নয়ন) নুরুল হক প্রধান যথারীতি অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, “ওখানে পরিষদের কর্মচারি থাকার তো কোনো যু্িক্ত নেই। টেনিসের বলবয়ের মতো কয়েকজন থাকে হোস্টেলে।” তবে পরে অবশ্য “পরিষদের কয়েকজন সেখানে থাকতে পারেন ” --- বলেও মন্তব্য করেছেন তিনি।
অভিযোগুলোর কথা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খানও জানেন। তিনি বলেছেন, “বিষয়টা আমার গোচরীভূত হয়েছে। দেখি কী ব্যবস্থা নেওয়া যায়। বিল বোর্ডের দায়িত্ব টেনিস ফেডারেশনের হাতেই আবার ফিরিয়ে দেওয়া হয়েছে।”
জানা গেছে,শুধু জাতীয় ক্রীড়া পরিষদ নয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীও নাকি নুরুল হক প্রধানের এসব কর্মকান্ড সম্পর্কে অবগত।
