২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিলক্রিস্টকে পেতে অপেক্ষা করতে হচ্ছে না পন্টিংদের

ব্রেট লি'কে বিশ্বকাপে না পাওয়ার দুঃখ এখন বোধহয় কিছুটা হলেও ভুলতে পারবে অস্ট্রেলিয়া! তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকার জন্য প্রায় তিন সপ্তাহ পর ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল অ্যাডাম গিলক্রিস্টের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

তবে সহ--অধিনায়ককে পাওয়ার জন্য এত দিন অপেক্ষা করতে হচ্ছে না রিকি পন্টিংয়ের দলকে। নির্ধারিত সময়ের আগেই শুক্রবার গিলক্রিস্টের স্ত্রী মেলিন্ডা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর অর্থ-- তিন সপ্তাহ পরে নয়, তার অনেক আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন ‘গিলি’। এমনকি ৬ মার্চ জিম্বাবুয়ের সঙ্গে প্রথম প্র্যাকটিস ম্যাচেও দেখা যেতে পারে এই ব্যাটসম্যান--উইকেট রক্ষককে।

বুধবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিচ্ছে অস্ট্রেলিয়া দল। প্রিয় সতীর্থদের সঙ্গে অবশ্য একই বিমানে যেতে পারছেন না গিলক্রিস্ট। তবে স্ত্রী ও নবজাতক ছেলের সঙ্গে কয়েক দিন কাটিয়েই তিনি রওনা দেবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে। তাই ১৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তো বটেই, প্র্যাকটিস ম্যাচগুলোতেও তাকে পাওয়ার জোরালো সম্ভাবনা বিশ্ব চ্যাম্পিয়নদের। সেজন্য স্বাভাবিকভাবেই দারুণ খুশি তিনি । খুশি তাদের সংসারের নতুন অতিথি আর্চিকে পেয়েও,“হ্যারিসন (৫ বছর) ও অ্যানির (২) ভাই হিসাবে আর্চির নিরাপদ আগমনে আমরা দারুণ উচ্ছ্বসিত। মেলিন্ডা আর আর্চি দু জনেই সুস্থ আছে।”