২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরি ‘এ’ আবার দেখবে ফর্মে ফেরা রোনালদোকে

“তার সময় শেষ”,“ এখন ওর অবসর নেয়া উচিৎ”, “তিনি অনেক মুটিয়ে গেছেন”ÑÑ এরকম কত অভিযোগ আর সমালোচনাই না শুনতে হয়েছে রোনালদোকে। রিয়াল মাদ্রিদ কোচ ফ্যাবিও ক্যাপেলো তাকে বসিয়ে রাখতেও দ্বিধা করেননি। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ‘দি ফেনোমেনন’ আবার স্বমহিমায় উজ্জ্বল। গত সপ্তাহে এসি মিলানের হয়ে প্রথম বারের মতো প্রথম একাদশে সুযোগ পেয়েই ফুটবল বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবার জন্য তিনি আসেননি! সেদিন সিয়েনার বিপক্ষে দলের ৪ ---- ৩ গোলের জয়ে তার গোল ছিল দুটি, আর একটা ছিল তার পাসের ফসল। রোববার ইতালিয়ান সিরি ‘এ’-তে সাম্পদোরিয়ার মুখোমুখি হওয়ার আগে তাই সবচেয়ে বেশি আলোচনা মিলানের নতুন অতিথিকে ঘিরেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 09:16 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

ক্যাপেলো যতই উপেক্ষা করুন না কেন, মিলানের কোচ কার্লো অ্যানচেলত্তি কিন্তু রোনালদোকে পেয়ে দারুণ আনন্দিত। সিয়েনার সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সে অ্যানচেলত্তি একেবারে মুগ্ধ,“আমরা সবাই জানি যে সে একজন দুর্দান্ত ফুটবলার। তবে ইতালিয়ান লিগে এত দ্রুত তার মানিয়ে নেয়ার ক্ষমতাই সবচেয়ে বেশি বিস্মিত করেছে আমাদের।”

কোচ যখন তার পায়ের জাদুকরী ক্ষমতায় বিস্মিত, তখন রোনালদো তার সমালোচকদের সম্পর্কে একেবারে বরফের মতো ঠান্ডা! কথায় নয়, খেলা দিয়েই নিন্দুকদের জবাব দিতে সংকল্পবদ্ধ তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার, “সমালোচকদের আমার কিছুই বলার নেই। মাঠের খেলা দিয়েই তাদের মুখ বন্ধ করবো আমি।” আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাঁচিয়ে রাখতে এসি মিলানকেও তাকিয়ে থাকতে হচ্ছে রোনালদোর দিকেই। ফিলিপ্পো ইনজাগির চোট এবং আলবার্তো জিলার্দিনো ও রিকার্ডো অলিভেইরার ধারাবাহিকতাহীনতাই তার কারণ। গত ৭ ম্যাচের ৬ টিতেই জয় পেলেও এ মুহূর্তে পয়েন্ট তালিকায় মিলান ষষ্ঠ। চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়ার যোগ্যতা অর্জনের জন্য অন্তত চতুর্থ হতে হবে তাদের।

মিলানের প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারকেও খেলতে হবে রোববার। সিরি ‘এ'তে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়া ইন্টারের প্রতিপক্ষ ক্যাটানিয়া। রোমার চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা ক্লাবটির সপ্তাহের মধ্যবর্তী সময়টা অবশ্য তেমন ভালো কাটেনি। চ্যাম্পিয়নস লিগে ভ্যালেন্সিয়ার সঙ্গে দু বার এগিয়ে গিয়েও জিততে পারেনি তারা, ড্র করেছে ২--২ গোলে। এই রাউন্ডে রোমার লড়াই রেজ্জিনার সঙ্গে। রেজ্জিনায় অনুষ্ঠিত আগের ম্যাচে হেরে যাওয়ায় ম্যাচটা এক দিক থেকে রোমার প্রতিশোধের মিশনও!