২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুঙ্গার ব্রাজিল থামলো স্কলারির পর্তুগালের কাছে

বিশ্বকাপে তারা ৫ বারের চ্যাম্পিয়ন। অন্যদিকে ফুটবলের সেরা আসরে পর্তুগালের সেরা সাফল্য ’৬৬-তে, ইওসেবিও-র প্রায় একক নৈপূন্যে তৃতীয় হওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

দু দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও এই পার্থক্যের আরেকটা ছবি। যে ১৭ টা ম্যাচে দু দলের দেখা হয়েছে তার ১১টিতেই বিজয়ী দলের নাম ব্রাজিল। কিন্তু সাবেক ঔপনিবেশিকদের বিপক্ষে ব্রাজিলের সেই আনন্দের স্মৃতি এখন অনেকটাই ফিকে। সেই ’৮৯তে সর্বশেষ জয়ের পর পর্তুগিজদের সঙ্গে আর হাসিমুখে তারা মাঠ ছাড়তে পারেনি। ‘পর্তুগাল’ শব্দটাই এখন যেন আতঙ্কজাগানিয়া হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দলটির জন্য! মঙ্গলবার রাতেও তার থেকে মুক্তি পায়নি তারা। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে পর্তুগালের কাছে ০---২ গোলে গেছে তারা। গোল করেছেন বদলি ফরোয়ার্ড সিমাও সাব্রোসা ও ডিফেন্ডার রিকার্ডো কারভালহো। এ নিয়ে লুই ফেলিপে স্কলারির অধীনে থাকা পর্তুগালের কাছে টানা দ্বিতীয় ম্যাচে হারলো ব্রাজিল। পোর্তোয় অনুষ্ঠিত আগের ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ২--১  গোলে।

বিশ্বকাপের পর থেকেই একটা রূপান্তর প্রক্রিয়ার ভেতর দিয়ে ব্রাজিল যাচ্ছে। রোনালদো, কাফুদের বাদ পড়া কিংবা রবার্তো কার্লোস-দিদার হঠাৎ অবসরের সিদ্ধান্তে তাই ব্রাজিলিয়ান দলে তরুণদের ভীড়। কোচও নতুন। প্রায় নতুন চেহারা নেয়া দলটাকে ’৯৪এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডুঙ্গা এগিয়েও যাচ্ছিলেন দুর্দান্ত গতিতে। নরওয়ের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করলেও পরের ৪টিতেই জয়, যার মধ্যে একটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ৩---০ গোলের বড় ব্যবধানেÑÑডুঙ্গার কোচিংয়ে ব্রাজিলের অগ্রযাত্রা (কিংবা জয়যাত্রা) যেন আকাশ ছুঁতে চাইছিল। সেখান থেকে বাস্তবের কঠিন মাটিতে নেমে আসতে হল মঙ্গলবার। প্রথমার্ধটা অবশ্য ব্রাজিলেরই ছিল। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোল করা মিডফিল্ডার এলানোর। চতুর্থ মিনিটেই তার একটি ফ্রিকিক পর্তুগালের গোলকিপার রিকার্ডো ক্রসবারের ওপর দিয়ে তুলে দিয়ে হতাশ করেছেন ব্রাজিল সমর্থকদের। মিনিট দশেক পর এই রিকার্ডোই রাফায়েল সোবিসের শট পা দিয়ে ঠেকিয়ে না দিলে বিপদেই পড়তে হতো পর্তুগালকে। ৩০ মিনিটের সময় আবার ব্রাজিলের আক্রমণ। রাইট ব্যাক মাইকনের সঙ্গে দুর্দান্তভাবে ওয়ান--টু  খেলে ক্রস করেছেন এলানো। রাফায়েল সোবিস তাতে মাথা ছোঁয়ালেও বল চলে গেছে পোস্টের ওপর দিয়ে। ব্রাজিলিয়ানদের দুর্ভাগ্যের সেখানেই শেষ নয়। বিরতির মিনিট দুয়েক আগে অধিনায়ক লুসিওর শট প্রতিপক্ষকে ফাঁকি দিলেও বাধা পেয়েছে পোস্টে।

বিরতির পর অবশ্য সেই উজ্জীবিত, আক্রমনাত্মক ব্রাজিলকে খুঁজেই পাওয়া যায়নি। কাকা ও এলানো দুজনেই হয়ে পড়েছিলেন ক্লান্ত। সেই সুবাদে মাঝমাঠের দখল নিতে সমস্যা হয়নি পর্তুগিজদের । তাহলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। ডান দিক থেকে কোয়ারেসমার  করা দারুণ এক ক্রসে লুসিও-র ওপরে লাফিয়ে হেড করেছেন সাব্রোসা। ব্রাজিলের নতুন গোলকিপার হেলটন কিছুই করতে পারেননি (১--০)। শেষ বাঁশির মিনিট খানেক আগে ম্যাচের সব উত্তেজনা শেষ করে দ্বিতীয় গোলটি করেন কারভালহো।

৫ বছর আগে এই ব্রাজিল দলকেই পঞ্চম বারের মতো বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন তিনি। তাছাড়া তিনি নিজেও ব্রাজিলিয়ান। ম্যাচটা তাই অন্য ধরনের এক অনুভূতির সামনে দাঁড় করিয়েছিল স্কলারিকে। সেই ম্যাচে জয় পেয়ে পর্তুগালের কোচ খুশি কারণ এর মাধ্যমে যে ‘ইওরো ২০০৮’-এর বাছাইপর্বের প্রস্তুতির কাজটাও হলো,‘বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে থাকা ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় বেলজিয়ামের সঙ্গে ইওরো বাছাই পর্বে অনেকখানি আত্মবিশ্বাসী ও উজ্জীবিত করে তুলবে আমাদের। ম্যাচটা খুবই ভাল হয়েছে। যে কেউই জিততে পারতো এই ম্যাচে। তবে আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছি, যদিও বেশি সুযোগ পেয়েছে ওরাই।’ অন্যদিকে তার  ব্রাজিল কোচ ডুঙ্গা সঙ্গত কারনেই ব্যস্ত আত্মসমালোচনায়,‘ আমাদের উইং আরো ভালভাবে কাজে লাগানো উচিৎ ছিল। তবে হেরে যাওয়া দলের কোচের ওপরেই তো পরাজয়ের সমস্ত দায়িত্ব বর্তায়!’ ইনজুরিতে পড়ায় এই ম্যাচে রোনালদিনহোকে স্কোয়াডে রাখতে পারেননি ডুঙ্গা। আর স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণেই মাঠে নামার সুযোগ হয়নি রবিনহোর।