ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ফুটবল ভেন্যুর ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারন ফিফার গাইডলাইন পাওয়ার পরও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে তুলে নেওয়ার কাজ শুরু হয়নি। যা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ফিফা নিরাপত্তা অফিসার সালমান আল নামশান।
শনিবার নামশান ঢাকায় এসে আবারো বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তার ভিত্তিতে বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "ফিফা গাইডলাইন মেনে কোনো অগ্রগতি না দেখে তিনি অসন্তুষ্ট হয়েছেন। আমরা খুবই শংকিত যে ক্রীড়াপরিষদ এখনো স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করেনি।" সংস্কার না হলে দেশের একমাত্র আন্তর্জাতিক ফুটবল ভেন্যুটির ভবিষ্যৎ ঝুঁকির মধ্যেই পড়ে যেতে পারে।
আসলে সারা বিশ্বের ফুটবল ভেন্যুগুলোকে পুরোপুরি আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছে ফিফা। বেশ কয়েকজন স্থপতিকে দিয়ে তারা ভেন্যুর মান যাচাই করে ঘাটতি পূরণের জন্য গাইডলাইন পাঠাচ্ছে। এজন্য গত জুলাইয়ের শেষ সপ্তাহে ফিফা নিরাপত্তা অফিসারের পরিচয় নিয়ে বাংলাদেশে প্রথম এসেছিলেন সৌদি আরবের স্থপতি সালমান আল নামশান। তিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে যাওয়ার পর গত সেপ্টেম্বরে ফিফা নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর গাইডলাইন পাঠায়। যেমন স্টেডিয়ামে ঢোকার গেটে কোনো দোকান রাখা চলবে না, দোকানের কারণে দর্শকের পক্ষে স্টেডিয়ামের গেট চিহ্নিত করা কঠিন। ড্রেসিং রুমে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা নেই, সেখানে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসাতে হবে। ফ্লাডলাইটের উজ্জ্বলাত বাড়ানোরও তাগিদ দিয়েছে তারা । সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। এই চরিত্র পাল্টানোর জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ করারও তাগিদ দিয়েছে তারা। এসবে জাতীয় ক্রীড়া পরিষদ রাজি হয়েছে বলেও তখন জানিয়েছিলেন বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক। বলেছিলেন মে মাসের দিকে সংস্কার কাজ শুরু হতে পারে।
সেই মে মাস আসতে অনেক দেরী অথচ এখনই সুর পাল্টে বাফুফে বলছে স্টেডিয়াম নিয়ে নিজেদের দুশ্চিন্তার কথা! শনিবার সালমানের সঙ্গে মাঠ পরিদর্শন করে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রহমান অবশ্য উল্টো কথা বলেছেন, "সালমানকে তো খুব স্বাভাবিক মনে হয়েছে। আমরা তাকে আশ্বস্ত করেছি পরিষদ তাদের গাইডলাইন অনুযায়ীই সংস্কার করবে।" গত ৮ অক্টোবর ভেঙ্গেপড়া প্রেসবক্স দেখেও সালমান কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন পরিষদ পরিচালক। পরিষদ কীভাবে সংস্কার শুরু করতে চায় সে ব্যাপারে একটা রিপোর্ট পাঠাতে বলেছেন সালমান এবং আগামী ফেব্র"য়ারির মধ্যে কাজ শেষ করার তাগিদ দিয়েছেন বলে পরিষদ পরিচালক জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৫ঘ.
bdnews24