লন্ডন, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশাপূরণ হলো না ইংল্যান্ডের। নিজেদের মাটিতে ক্রোয়েশিয়ার সঙ্গে স্রেফ ড্র করলেই হতো। কিন্তু বুধবার ওয়েম্বলিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ৩-২ গোলে হেরে গেছে স্বাগতিকরা। সুবাদে অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়ে গ্র"প-ই থেকে দ্বিতীয় দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠে গেছে রাশিয়া। তাদের সঙ্গী হয়েছে পর্তুগাল, তুরস্ক ও সুইডেন।
ওয়েম্বলির ম্যাচে আট মিনিটের মাথায় নিকো ক্রাঞ্জকারের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে বল ইংলিশ কিপার স্কট কার্সেনের বুকে লেগে বল চলে যায় জালে। স্বাগতিক দর্শকদের হতভম্ব করে মিনিট ছয়েক বাদে ব্যবধান দ্বিগুণ করেন ইভিকা ওলিচ। বিরতির পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি ও পিটার ক্রাউচের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। কিন্তু ৭৭ মিনিটে ম্লাদেন প্যাট্রিচের গোলে চূড়ান্ত পর্বে খেলার শেষ সম্ভাবনাটা নষ্ট হয়ে যায় তাদের। ১৯৮৪ সালের পর এবারই প্রথম ইংল্যান্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো। ১৯৯৪ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব মিস করাই ছিল বড় কোনো টুর্নামেন্টে তাদের সর্বশেষ ব্যর্থতা। আর এ ব্যর্থতার বলি হয়ে পদচ্যূত হয়েছেন ইংল্যান্ডের কোচ স্টিভ ম্যাকলারেন।
অ্যান্ডোরা লা ভিলায় গ্র"পের অন্য ম্যাচে ১০ জন নিয়ে খেলেও দিমিত্রি সাইচেভের হেডে জয় নিয়ে সেরা ষোল নিশ্চিত করেছে গাস হিডিঙ্কের রাশিয়া। পোর্তোয় ফিনল্যান্ডের সঙ্গে গোলশুন্য ড্র করেছে পর্তুগাল। 'গ্র"প-এ' থেকে চূড়ান্ত পর্বে পোল্যান্ডের সঙ্গী হতে এক পয়েন্টই দরকার ছিল স্বাগতিকদের। সার্বিয়ার সঙ্গে অর্থহীন এক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে আগেই নিশ্চিত হয়ে যাওয়া পোল্যান্ড। ইস্তাম্বুলে বসনিয়াকে ১-০ গোলে হারিয়ে 'গ্র"প-সি' থেকে গ্রিসের সঙ্গী হয়েছে তুরস্ক। 'গ্র"প-এফ' থেকে ইংল্যান্ডের মতোই স্বপ্নভঙের আশায় পুড়েছে উত্তর আয়ারল্যান্ড। লা পামাসে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। স্টকহোমে লাটভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিয়ার্ডদের সঙ্গী হয়েছে সুইডেন।
এছাড়া বুধবার আরো কিছু ম্যাচ হয়েছে যার কোনো প্রভাব পড়েনি চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে। ওয়েলসের সঙ্গে গোলশুন্য ড্র করেছে জার্মানি। বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ৩-১ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ডকে। ফ্রান্স ২-২ গোলে ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। সবচেয়ে বড় জয় পেয়েছে স্লোভাকিয়া। সান মারিনোকে ৫-০ গোলে হারিয়েছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০৫ঘ.
bdnews24