২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ-র গঠণতন্ত্র অনুমোদন করেছে ফিফা

যে ডিএফএ-র দোহাই দিয়ে বাফুফের নির্বাচন ঝুলিয়ে দেওয়া হয়েছে তার গঠণতন্ত্র অনুমোদন করে পাঠিয়েছে ফিফা। ফিফা অনুমোদিত এই গঠণতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদের পছন্দ হলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচনে আর কোনো বাধা থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- যে ডিএফএ-র দোহাই দিয়ে বাফুফের নির্বাচন ঝুলিয়ে দেওয়া হয়েছে তার গঠণতন্ত্র অনুমোদন করে পাঠিয়েছে ফিফা। ফিফা অনুমোদিত এই গঠণতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদের পছন্দ হলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচনে আর কোনো বাধা থাকবে না। বাফুফে নির্বাচনের স্বার্থেই জরুরী হয়ে পড়েছে ডিএফএ গঠন। কারণ গত ১৮ মে ফিফা চিঠি পাঠিয়ে বাফুফে নির্বাচন স্থগিত করার সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের তাগিদ দিয়েছিল। সেই অনুযায়ী বাফুফে ডিএফএ-র খসড়া গঠণতন্ত্র তৈরি করে পাঠিয়ে দেয় ফিফার কাছে। সেটা অনুমোদিত হয়ে আসার পর গত রোববার পাঠানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। বাফুফে সভাপতি এস এ সুলতান আশা করছেন কয়েকদিনের মধ্যেই পরিষদের অনুমোদনও পেয়ে যাবেন, "ক্রীড়া পরিষদের অনুমোদনের পর তিন দিনের মধ্যে বাফুফেও এটা অনুমোদন করে দেবে। সরকার সহযোগিতা করলে ২১ দিনের মধ্যে সব ডিএফএ নির্বাচন সেরে ফেলা সম্ভব।" আর ডিএফএ নির্বাচন শেষ হওয়া মানে বাফুফে নির্বাচনের পথে একধাপ এগিয়ে যাওয়া। জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টতা এড়াতেই এই ডিএফএ এবং তাদের পাঠানো প্রতিনিধিরাই হবেন বাফুফের কাউন্সিলর। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খান ডিএফএ গঠণতন্ত্র পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, "ফিফার একটা চিঠি পেয়েছি। তবে এখনই বলতে পারছি না গঠণতন্ত্রের কী অবস্থা! পুরোটা ভাল করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। তারপর এ বিষয়ে মন্তব্য করতে পারবো আমি।" আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ যুগপৎ বিরক্ত ও সতর্ক। কারণ বাফুফে নির্বাচনের উদ্যোগ নিয়েও তা সম্পন্ন করতে পারেনি পরিষদ। আবার বাফুফের কথিত ফিফা-জুজুও আছে। তবে বাফুফে এখন বলছে, নির্বাচন নিয়ে তারা কথা বলবে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে। বাফুফে সভাপতি এস এ সুলতান জানিয়েছেন, "ডিএফএ গঠন ও বাফুফে নির্বাচন নিয়ে আমরা শীঘ্রই ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনায় বসবো, তাদের মনোভাব বোঝার চেষ্টা করবো। বাইরে গুজব আছে আমরা বাফুফেতে থাকতে চাই কিংবা আবার আসতে চাই। ক্রীড়া পরিষদও যদি তাই মনে করে, তাহলে আমরা সরে দাঁড়াবো।" আমরা বলতে তিনি শুধু নিজেকে নাকি পুরো কমিটিকে বুঝিয়েছেন তা স্পষ্ট করে বলেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.