লড়াইটা যেন আসিফ বনাম দক্ষিণ আফ্রিকার
- ৩ রানে ১, ৮ রানে ২ আর ৫৩ রানে ৩ উইকেট। এমন স্কোর দেখে মুখে আধো আধো বোল ফোটা শিশুও হয়তো বলতে পারবে ব্যাট করতে নেমে একটি দল বেশ বড় রকমের বিপর্যয়ের সম্মুখীন। দক্ষিণ আফ্রিকার জন্য সে রকমই ছিল ব্যাপারটি। কিন্তু টানা ৩ উইকেট নিয়ে মোহাম্মদ আসিফ তাদের খানিকটা কোণঠাসা করে ফেললেও সেই কোণ থেকে ঠিকই বেরিয়ে এসেছে প্রোটিয়ারা। প্রথমে হাশিম আমলা আর অ্যাশওয়েল প্রিন্সের ৯০ রানের জুটি, তারপর প্রিন্স আর গিবসের পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১১১ রান। একটা দলের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত আর এগিয়ে থাকতে পারলেন না মোহাম্মদ আসিফ। ৪ উইকেটে ২৫৪ রান করে খুশি মনেই দ্বিতীয় দিন পার করল গ্রায়েম স্মিথের দল।
সকালে আগের দিনের ৫ উইকেটে ২৪২ রান নিয়ে খেলতে নেমে বেশি দুর এগোতে পারেনি পাকিস্তান। মাত্র ৭১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় ৩১৩ রানে। মাখায়া এনটিনি ইনজামামকে (৪২) হাশিম আমলার ক্যাচ বানানোর পর সামান্য প্রতিরোধই গড়তে পেরেছেন কামরান আকমল (২৯) আর রানা নাভিদ (৩০)। ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন এনটিনি।
মোহাম্মদ আসিফের (৩/৩৬) তোপের মুখে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে বসেছিল মাত্র ৫৩ রানে। হাশিম আমলা (৭১) আর অ্যাশওয়েল প্রিন্স সেখান থেকে ১৪৩ রানে নিয়ে যান দলকে। তারপর আমলাও ফিরে যান সেই আসিফের বলেই উইকেটের পেছনে কামরান আকমলকে ক্যাচ দিয়ে। প্রতিপক্ষের হারানো চারটি উইকেটের সবগুলোই নিজে নিয়ে লড়াইটাকে অনেকটা ‘এক বনাম এগারো’-র ভাবাতে শুরু করেছিলেন মোহাম্মদ আসিফ (৪/৫৮)। দিন শেষে অবশ্য তা আর মনে হয়নি। অ্যাশওয়েল প্রিন্স (৭৭*) আর হার্শেল গিবস (৫৮*) যেভাবে ব্যাট করছেন তাতে দ্বিতীয় ইনিংসে বড় রানের বোঝা নিয়েও নামতে হতে পারে পাকিস্তানকে।
