২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান এখনো ভেন্যু ঠিক করতে পারেনি

মোহামেডান এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। গত শনিবার ভেন্যুর নাম চূড়ান্তভাবে জানিয়ে দেয়ার কথা থাকলেও রোববারেও তারা কিছু জানাতে পারেনি ফুটবল ফেডারেশনকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 08:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

একমাত্র মোহামেডান ছাড়া পেশাদার ফুটবল লিগের বাকি ১১ টি দল নিজেদের পছন্দের ভেন্যু চূড়ান্ত করেছে। ঢাকার বাইরে চট্টগ্রামের দুই দল আবাহনী ও মোহামেডান নিজেদের হোম ভেন্যু হিসেবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে রেখেছে। খুলনা আবাহনী খুলনা জেলা স্টেডিয়ামে এবং সিলেট দলের হোম ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম।

ঢাকার আটটি দলের মধ্যে কেবল একটি দলই ঢাকার বাইারে যাচ্ছে। সেটি ফরাশগঞ্জ, তাদের হোম ভেন্যু রাঙ্গামাটি। রংপুরে যাওয়ার কথা ছিল শেখ রাসেলেরও, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তারা ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামকেই করেছে হোম ভেন্যু। এছাড়া ঢাকা আবাহনী, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, আরামবাগ, রহমগঞ্জের হোম ভেন্যুও এটি।

মোহামেডান সিলেটকে নিজেদের হোম-ভেন্যু করার ইচ্ছা ছিল। কিন্তু তা চূড়ান্ত করতে পারছে না, ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান রোববার জানিয়েছেন, “আগামীকাল কর্মকর্তারা সভায় বসে তা ঠিক করবো। আমাদের দল যেহেতু ঢাকা কেন্দ্রিক তাই অনেক কিছু ভাবার আছে। আশাকরি আগামীকাল সিদ্ধান্ত নিয়েই জানিয়ে দেবো বাফুফেকে।” কিন্তু গত ৬ জানুয়ারি ছিল সিদ্ধান্ত জানানোর শেষ সময়।