২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের পারফরম্যন্স বিবেচনা করবে নির্বাচকরা

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজের পর টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থেকেও স্বাগতিকদের বিরুদ্ধে হারার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ভীষন খেপেছে। তাদের বিশেষভাবে ভাবিয়ে তুলেছে অভিজ্ঞ খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স। ভারতীয় নির্বাচকমন্ডলী এসব বিষয় বিবেচনায় রেখে ওয়েস্টন্ডিজের সঙ্গে সিরিজের জন্য দল নির্বাচন করবে বলে বোর্ডের আশা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

প্রথম টেস্ট জেতার পর ভারতীয়রা টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল। কিন্তু কেপ টাউনে তৃতীয় ও শেষ টেস্টে ভাল শুরুর পরও তারা ৫ উইকেটে হেরে গিয়ে সবাইকে হতাশ করেছে। আর এ হারই সামনে নিয়ে এসেছে বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকারের পারফরম্যান্সকে। শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে শেবাগ দায়িত্বজ্ঞানহীনের মতো খেলে আউট হয়ে গেছেন, ৬ টেস্ট ইনিংসে তার সংগ্রহ মাত্র ৮৯ রান। পুরো সিরিজে একটি ফিফটিও নেই রাহুল দ্রাবিড়ের। অধিনায়ক ও টেন্ডুলকারকে দায়ি করা হয়েছে শেষ টেস্টের চতুর্থদিনে ভারতীয় ব্যাটিং-ব্যর্থতার জন্য। নির্বাচকরা এসব বিবেচনায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় বোর্ড সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, “শুধু খেলোয়াড়দের অতীত বিবেচনা করা উচিত নয় নির্বাচকমন্ডলীর, ধারাবাহিকতার  ওপরও তারা গুরুত্ব দেবে।” তবে এ ব্যাপারে বোর্ড কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন তিনি। 

সব দলগুলোর মূল লক্ষ্য এখন বিশ্বকাপ। সেটাকে সামনে রেখে চলছে দলে পরীক্ষা-নিরীক্ষার কাজ। সুতরাং বিশ্বকাপের আগে ওয়েস্টইন্ডিজ ও শ্রীলংকার সঙ্গে ওয়ানডে সিরিজেও খেলোয়াড়দের আরেকবার দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত।  তবে এখনই মিডিয়াতে শেবাগকে বাদ দেওয়ার দাবি ওঠেছে। কারণ টেস্ট সিরিজের আগে ওয়ানডেতেও ২৮ বছর বয়সী এই দিল্লী ওপেনার একেবারেই ব্যর্থ। ৪-০ তে হারা সিরিজে ভারতীয়রা একবারও ২০০-এর বেশি স্কোর করতে পারেননি। কোচ গ্রেগ চ্যাপেলও ব্যটসম্যানদের সমালোচনা করেছেন এবং তাদের পারফরম্যান্স মাইক্রোস্কোপের নীচে রাখা হবে বলেই ইঙ্গিত দিয়েছেন গত শনিবার। ভবিষ্যতের প্রশ্নে কোচের স্পষ্ট কথা, “এই ট্যূরের দিকে তাকালে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি দেখা যাবে। কোনো সন্দেহ নেই খুব কম খেলোয়াড়ই আছে যারা চাপের মধ্যে থাকবে না।”  

অর্থাৎ খড়গ নেমে আসতে পারে বড় তারকাদের ওপরও। নির্বাচকরা আগামী শুক্রবার সভায় বসছেন বিশ্বকাপের জন্য সম্ভাব্য ৩০ জনকে বাছাই করতে এবং এ সভাতেই ওয়েস্টইন্ডিজের সঙ্গে সিরিজের স্কোয়াড চূড়ান্ত হয়ে যাবে।