২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের মাঠে ১৮৯ রানে হারের লজ্জা নিউজিল্যান্ডের

প্রথমে সনাত জয়াসুরিয়ার মাত্র ৪৪ বলে ৭০ রানের ঝড়। এরপর চামিন্ডা ভাস আর লাসিথ মালিঙ্গার বিধ্বংসী বোলিংয়ের যুগলবন্দী। দুয়েমিলে ব্যর্থতার নোনাজলে আকন্ঠ ডুব নিউজিল্যান্ডের। অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের চতুর্থ আন্তর্জাতিক ম্যাচের সারাংশ এটাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 03:54 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

জয়াসুরিয়ার ব্যাটিং তাণ্ডবে আরো অনেক বড় স্কোর করার স্বপ্ন দেখছিল শ্রীলংকা। অল্পসময়ের ব্যবধানে জয়সুরিয়া, থারাঙ্গা আর জয়াবর্ধনে আউট হয় গেলে রানের জোয়ারে কিছুটা ভাটা পড়ে। তবুও নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬২ রান তুলে নেয় লঙ্কাসেনারা।

এই রান তাড়া করতে নেমে মাত্র ২৬.৩ ওভারেই ৭৩ রানে অলআউট কিউইরা। অর্থাৎ ১৮৯ রানের বিশাল ব্যবধানে হার এই সিরিজে প্রথম খেলতে নামা নিয়মিত অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের দলের। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটাই সবচেয়ে বড়ো হার তাদের ( আগেরটা ১০ বছর আগে ভারতের কাছে ১৭৪ রানে)। ৭৩ রান অবশ্য দ্বিতীয় সর্বনিম্ন ( ১৯৮৫ - ৮৬ তে পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানই সর্বনিম্ন)। ২ ---১ এ এগিয়ে থেকে এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই খেলতে নামা কিউইদের হারের ফলে সিরিজে সমতা ফেরালো শ্রীলংকা।

ভাস ও মালিঙ্গার নিখুঁত লাইন আর লেন্থই বিপদে ফেলেছিল কিউই ব্যাটসম্যানদের। তারা দুজনে মিলে ৬টি উইকেট সমানভাবে ভাগ করে নিয়েছেন। লক্ষ্যনীয় বিষয় এরমধ্যে পাঁচটি শিকারই এলবিডাব্লিউর ফাঁদে ফেলে পাওয়া - ফ্লেমিং (০), টেলর (০), ফুলটন (৯), মার্শাল (৩) এবং অ্যাডামস (১)। মালিঙ্গা (৩/১৪) তবু বন্ডের (২) রিটার্ন ক্যাচে একটা উইকেট পেয়েছেন। কিন্তু ভাসের (৩/১০) সবগুলোই লেগবিফোর। ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার মিছিলের সঙ্গী না হওয়া ক্রেইগ ম্যাকমিলান ২৯ রানে অপরাজিত থেকে প্রতিরোধের একমাত্র প্রতীক হয়ে থেকেছেন।

আর জয়াসুরিয়া এখনো আগের মতোই আগ্রাসনের প্রতীক। নিজের ৬১ --- তম ওয়ানডে ফিফটিতে পৌছাতে তার লেগেছে মাত্র ৩২ বল। ৩৭৪ ম্যাচে ২২২টি ছক্কা মেরে ইতিমধ্যেই ওয়ানডেতে ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেলা এই ওপেনার শনিবার দিন --- রাতের ম্যাচেও ছুটিয়েছেন ছক্কার ফুলঝুরি। সাত বাউন্ডারির পাশে তার পাঁচ ছক্কার চারটিই আবার মাত্র পাঁচ বলের মধ্যে মারা। আর জয়াসুরিয়া ঝড়ের ঝাপটাটা সবচেয়ে বেশী গেছে কিউই ওপেনিং বোলার মাইকেল ম্যাসনের ওপর দিয়েই। তার ষষ্ঠ ওভারেই টানা তিনটি ছক্কা হাকিয়েছেন ‘মাতারা হারিকেন’। মার্ক গিলেস্পির বলে এরপর জয়াসুরিয়া ঝড় থেমেছে অবশ্য ডিপ ফাইন লেগে নেয়া ম্যাসনের দারুণ এক ক্যাচেই। এর দুই বল পর মাহেলা জয়াবর্ধনেকেও (০) গিলেস্পি ফিরিয়ে দেয়ার ধাক্কাটা অবশ্য ভালোই সামলে নিয়েছেন  কুমার সাঙ্গাকারা (৭৯) এবং মারভান আতাপাত্তুরা (৩৪)। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে অনেক পারফরমার শ্রীলংকার। কিন্তু চোখধাধানো সব শটে ম্যাচ সেরার পুরস্কারটা বরাদ্দ হয়ে ছিল জয়াসুরিয়ার জন্যই!

সংক্ষিপ্ত স্কোর

টস : শ্রীলংকা

শ্রীলংকা : ৫০ ওভারে ২৬২/৬ ( থারাঙ্গা ২২, জয়াসুরিয়া ৭০, জয়াবর্ধনে ০, সাঙ্গাকারা ৭৯, আতাপাত্তু ৩৪, কাপুগেদারা ১০*, মাহরুফ ২১, ভাস ৫*, অতিরিক্ত ২১, বন্ড ২/৪৭, গিলেস্পি ৩/৩৯, অ্যাডামস ১/৫৩)

নিউজিল্যান্ড : ২৬.৩ ওভারে ৭৩/১০ ( ম্যাককালাম ১৭, ফ্লেমিং ০, টেলর ০, ফুলটন ৯, মার্শাল ৩, ম্যাকমিলান ২৯*, প্যাটেল ৬, ভাস ৩/১০, মালিঙ্গা ৩/১৪, মাহরুফ ১/২৭, ফার্নান্ডো ১/১৩, মরালিধরন ২/৭)

ফল : শ্রীলংকা ১৮৯ রানে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : সনাত জয়াসুরিয়া ( শ্রীলংকা ) ।

সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ২ --- ২ এর সমতা।