যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কাছে হারলো চেলসি
ইংলিশ প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়ন চেলসি হতাশ করলো তার অগুনিত দর্শকদের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ফুটবল দলের কাছেই একমাত্র গোলে হেরে গেলো হোসে মরিনহো।
শিকাগোর শহরতলীর টোকিও পার্কে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন কানাডার ডোয়াইনি ডি রোজারিও। ম্যাচের ৭০ মিনিটে গোলপোস্টের ১৮ মিটার দূর থেকে নেওয়া ডি রোজারিওর শট চেলসির অতিরিক্ত গোলরক্ষক হিলারিওকে পরাস্ত করে। এর ফলে পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হলো চেলসির যুক্তরাষ্ট্র সফর।
চেলসিতে সদ্য যোগ দেওয়া জার্মান তারকা মাইকেল বালাক ও ইউক্রেনের আন্দ্রে শেভচেঙ্কো ম্যাচটিতে মাঠে নামেন। তবে শেভচেঙ্কো এখনও পুরোপুরি সুস্থ নন।
ম্যাচের ২৮ মিনিটে বালাকের বাড়ানো বল আইভরি কোস্টের তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবাকে গোলের সুযোগ করে দিলেও সহকারী রেফারির অফসাইডের সঙ্কেতে চোখ জুড়ানো আক্রমণটি ভেস্তে যায়। চেলসি মঙ্গলবার ওলন্দাজ ক্লাব ফেইনোর্ড এবং বুধবার সেল্টিকের বিরুদ্ধে মাঠে নামবে।
