অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগে আতাহারের বিরুদ্ধে তদন্ত করবে বিসিবি
খেলাধূলা সামগ্রী প্রস্তুতকারী অন্যতম কোম্পানি রিবক এর সাথে জাতীয় দলের দুই ক্রিকেটারের ‘কন্ট্রাক্ট’ থেকে অর্থনৈতিক সুবিধা নেয়ার অভিযোগে নির্বাচক আতাহার আলী খানের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু জানান, শনিবার দেশের কয়েকটি দৈনিক পত্রিকায় আতাহার আলী খানের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে বিসিবি আতাহারের বিরুদ্ধে তদন্তে নামছে।
তিনি জানান, রোববার বিসিবি’র কার্যকরি কমিটির নির্ধারিত সভায় আতাহারের এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে প্রয়োজনবোধে তার বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে আতাহার দোষী প্রমাণিত হলে বিসিবি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক স্পোর্টস কোম্পানি রিবক বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান ও অধিনায়ক হাবিবুল বাশার এবং তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের সাথে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে। চলতি মাসের শেষে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সময় থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। কিন্তু বাংলাদেশে রিবক সামগ্রীর একমাত্র পরিবেশক হিসেবে আতাহার অধিনায়ক বাশার এবং আশরাফুলকে এই চুক্তি করতে সাহায্য করে উভয়ের কাছ থেকেই নির্দ্দিষ্ট অংকের কমিশন আদায় করেছেন বলে দেশের কয়েকটি দৈনিক পত্রিকা অভিযোগ করে।
প্রসঙ্গত, বিসিবি’র নির্বাচক হিসেবে দুই ক্রিকেটারের এই চুক্তি থেকে কোনো প্রকার অর্থনৈতিক সুবিধা নেয়া পুরোপুরি রীতিবিরুদ্ধ এবং অনৈতিক একটি ব্যাপার।
আতাহার আলী খান অবশ্য তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেছেন, চুক্তি থেকে বাড়তি কোনো সুবিধাই তিনি গ্রহণ করেননি। এ ব্যাপারে তিনি বিসিবি’র যুগ্ম সম্পাদক রেজাউদ্দিন আল মামুন এবং তার নিজস্ব আইনজীবীর সাথে কথা বলেছেন বলে জানান।
আতাহার এই ধরনের অভিযোগকে অস্বীকার করে বিডিনিউজকে জানান, বাংলাদেশে রিবক এর পরিবেশক হিসেবে তিনি এই চুক্তি থেকে কোনো প্রকার বাড়তি সুবিধা পেতে পারেন না। এই ধরনের চুক্তির ক্ষেত্রে ক্রিকেটারদের সাথে কোম্পানিগুলো সরাসরি যোগাযোগ করে থাকে বলে আতাহার উল্লেখ করেন।
