২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরে আসার লক্ষ্য লংকান অধিনায়ক আতাপাত্তুর

শ্রীলংকার নিয়মিত অধিনায়ক মারভান আতাপাত্তু এ মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠেয় টেষ্ট সিরিজেও খেলতে পারবেন না। রোববার প্রধান নির্বাচক আশানথা ডে মেল এ কথা জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

আতাপাত্তু তার পিঠের নিচের অংশের সমস্যার জন্য গত মার্চ থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন। আশা করা হয়েছিল তিনি এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেষ্ট সিরিজ ও আগষ্টে দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাথে একটি তিন জাতির একদিনের সিরিজের মাধ্যমে ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন।

অস্ট্রেলিয়ায় গত মে মাসে ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ ইনজুরি অস্ত্রোপচার করার পর প্রত্যাশার চেয়েও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পঁয়ত্রিশ বছর বয়সী লংকান অধিনায়ক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ডে মেল জানান, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে এবং ফিটনেস ফিরে পেতে আতাপাত্তুর কিছু সময় লাগবে। তবে মাঠে ফেরার ব্যাপারে তার প্রচন্ড আগ্রহ রয়েছে। কিন্তু শতভাগ ফিট না হলে ফেরার সম্ভাবনা নেই।

আতাপাত্তুর সাথে কথা বলে অক্টোবরে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহনের লক্ষ্য স্থির করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক।

শ্রীলংকান টপ অর্ডারের ব্যাটিং এর মূল স্তম্ভ আতাপাত্তু এ পর্যন্ত ৮৮ টেষ্ট খেলে ৫৩৩০ রান এবং ২৫৩টি একদিনের ম্যাচ খেলে ৮২৩৩ রান করেছেন।

দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে আবারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচকরা ট্রেনিং এর জন্য ২০জন খেলোয়াড়ও নির্বাচন করেছেন। আগামী মঙ্গলবার থেকে ট্রেনিং শুরু হবার কথা রয়েছে।