ইংল্যান্ড সফরে নতুন খেলোয়াড় পাঠানোর আবেদন করেছে পাকিস্তান
ইংল্যান্ড সফরকারী পাকিস্তান দলের খেলোয়াড়রা ইনজুরি সমস্যাা সম্মুখীন হওয়ার কারণে পিসিবি’র কাছে অতিরিক্ত ব্যাটসম্যান ও বোলার পাঠানোর আবেদন করেছে পাকিস্তান দল।
শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ ও রানা নাভেদ প্রধান তিন ফাস্ট বোলারকে ছাড়াই পাক অধিনায়ক ইনজামাম উল হকের নেতৃত্বে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে লড়াই করছে পাকিস্তান।
পাক অলরাউন্ডার শোয়েব মালিক ও সহঅধিনায়ক ইউনুস খানও ইনজুরির কবলে পড়েছেন। দলের শক্তি বৃদ্ধি করার জন্য ব্যাটসম্যান তৌফিক ওমর এবং ফাস্ট বোলার রাও ইফতেখার আঞ্জুমকে ডেকে পাঠানো হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আব্বাস জাহিদি বলেন, “দলের কয়েকজন খেলোয়াড় আকস্মিকভাবে ইনজুরিতে পড়ার কারণে নির্বাচকরা তাদের পরিবর্তে অন্য খেলোয়াড়কে পাঠাবে।”
ইতোমধ্যেই রানা নাভেদের পরিবর্তে দলের সাথে যোগ দিয়েছেন ফাস্ট বোলার সামিউল্লাহ নিয়াজি।
পাকিস্তানের কোচ বব উলমার আশা করছেন ইনজুরি কবলিত ইউনুস খান ও মোহাম্মদ আসিফ দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন।
২৭ শে জুলাই ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় টেস্ট শুরু হবে।
