এশিয়ান গেমস বাছাই হকিতে সিঙ্গাপুর - ইরান ম্যাচ ড্র
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার যমুনা ব্যাংক এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টে সিঙ্গাপুর ও ইরানের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
এই ড্রয়ের ফলে পাঁচ ম্যাচ পর প্রথম পয়েন্টের মুখ দেখেছে ইরান। ইরান ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
অন্যদিকে ঢাকায় হতাশাজনক পারফর্যামেন্সের পর চার পয়েন্ট সংগ্রহ করা সিঙ্গাপুরকেও ঘরে ফিরে যেতে হচ্ছে।
স্বাগতিক বাংলাদেশ মঙ্গলবার ওমানের সাথে গোলশুন্য ড্র করে এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বে উঠে গেছে। হংকং ও চাইনীজ তাইপে যথাক্রমে নয় পয়েন্ট করে এবং ওমান সাত পয়েন্ট নিয়ে চুড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে এখনও টিকে আছে। তিনটি দলেরই দু’টি করে খেলা বাকি রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরে বিরুদ্ধে। এছাড়া ওমান মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং তাইপে লড়বে হংকংয়ের বিরুদ্ধে।
