দ্বিতীয় টেস্ট বাংলাদেশকে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া
বগুড়ায় প্রচন্ড চাপের মধ্যে থেকেও শেষ পর্যন্ত প্রথম টেস্ট জিতে নেওয়ার পর অস্ট্রেলিয়া চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে যে বাংলাদেশকে পিষে ফেলার চেষ্টা করবে সেটা আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই।
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই বাংলাদেশকে এক মুহূর্তের জন্যও মাথা তুলে দাঁড়াতে দেয়নি পন্টিংয়ের দল। আর বৃহস্পতিবার ম্যাচের শেষ দিন লাঞ্চের আধ ঘন্টা আগেই এক ইনিংস ও ৮০ রানের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট জিতে নেওয়ার পাশাপাশি দুই টেস্টের সিরিজও ২ -- ০ ব্যবধানে জিতে নিয়েছে অসিরা।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে চার উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে।
পঞ্চম দিনের সকালের সেশনের দেড়ঘন্টার মধ্যেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মুড়ে দেওয়ায় মূল ভূমিকা পালন করেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার। শেন ওয়ার্ন (৫/১১৩) এবং স্টুয়ার্ট ম্যাকগিল (৪/৯৫) ছয়টি উইকেট ভাগাভাগি করে নিলে ৩০৪ রানেই থেমে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের রানের চাকা।
চতুর্থ দিনের চার উইকেটে ১৯৫ রান নিয়ে পঞ্চম দিনের খেরা শুরু করে বাশারের দল। কিন্তু শেষ দিকে একমাত্র মোহাম্মদ রফিক ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অসি স্পিনারের মায়াবী ঘূর্ণিবলের সামনে দাঁড়াতেই পারেননি।
আট নম্বরে ব্যাট করতে নেমে রফিক ৫৩ বলে ছয়টি বিশাল ছক্কা এবং দু’টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করে কিছুটা সময়ের জন্য হলেও গ্যালারী মাতিয়ে রাখেন। পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে ধ্বস নামানো শেণ ওয়ার্নের এক ওভারেই তিনটি ছক্কা হাঁকান রফিক।
দিনের শুরুতেই ফিরে যান বগুড়া টেস্টের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিস। আগের দিনের ৭৫ রানের সাথে শাহরিয়ার মাত্র চার রান যোগ করেই ওয়ার্নের বলে গিলক্রিস্টের হাতে ধরা পড়েন। বলাবাহুল্য শাহরিয়ারের ওই ৭৯ রানই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান।
আফতাব এবং খালেদ মাসুদের ব্যাটে ভরসা থাকলেও তারা সেই ভরসার প্রতিদান দিতে পারেননি। অবশ্য ম্যাকগিলের ওইরকম স্পিনে বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও কাত হয়ে যান। আফতাব ১৮ আর মাসুদ ১১ রান করে দু’জনেই ম্যাকগিলের শিকারে পরিনত হন।
এরপরের কাহিনীর পুরোটা জুড়েই শুধু রফিক বন্দনা। দশম উইকেট জুটিতে শাহাদত হোসেনকে নিয়ে বাংলাদেশের হয়ে সেরা পার্টনারশীপও গড়েন রফিক। এই জুটিতে ৬৯ রান সংগৃহিত হয়।
এই উইকেট জুািটতে বাংলাদেশের সেরা স্কোর ছিল ৪৬ । কাকতালীয়ভাবে বাংলাদেশের নীচের দিকের ব্যাটসম্যানরা এই স্কোর গড়েছেন তিনবার। প্রথমবার জিম্বাবুয়ের হারারেতে (খালেদ মাসুদও মাঞ্জারুল ইসলাম রানা), দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজের গ্রস আইলেটে (মোহাম্মদ রফিক ও তারেক আজিজ) এবং তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজেই (তাপস বৈশ্য ও তারেক আজিজ) দশম উইকেট জুটিতে ৪৬ রানের পার্টনারশীপ গড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মজার ব্যাপার হলো তিনটি রেকর্ডই হয়েছে ২০০৪ সালে।
স্বাগতিকরা পঞ্চম দিনে ২৬ দশমিক দুই ওভার খেলে সাকুল্যে ১০৯ রান তুলতে সক্ষম হয়।
যার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়ে ডাবল সেঞ্চুরি করা সেই ফাস্ট বোলার জেসন গিলেস্পি ম্যাচ এবং সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার দু’টি তুলে নিয়েছেন।
চট্টগ্রামের এই ভেন্যুতেই রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে দু’দল।
