চট্রগ্রামে সাংবাদিকদের ৪ দিনের নতুন কর্মসূচী ঘোষণা
১৬ এপ্রিল চট্রগ্রাম টেস্টের প্রথম দিন সাংবাদিকদের উপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে চট্রগ্রামে সাংবাদিক ইউনিয়নের যৌথ বিক্ষোভ সমাবেশ থেকে বুধবার চার দিনের নতুন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্টেডিয়ামের ঘটনায় যখন চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়ন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, তখন পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে নগরীর পাহারতলি থানায় পেছনের তারিখ দিয়ে, একটি সাধারন এজাহার (জিডি) নথিভূূক্ত করেছে।
চট্রগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সমাবেশে, এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করে উল্টো জিডি করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং সাংবাদিকদের উপর পরবর্তী নির্যাতন চালানোর অস্ত্র হিসেবে এটা ব্যাবহার করা হতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়।
সাংবাদিকরা পুলিশের ডিআইজি আমিনুল ইসলামকে প্রধান করে সরকার গঠিত এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রস্তাব অনুযায়ী আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখান করেন এবং একজন বিচারককে প্রধান করে ওই বর্বর ঘটনার কারণ অনুসন্ধানে, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবী জানান।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য ডিআইজি আমিনুল ইসলাম বর্তমানে বন্দর নগরী চট্রগ্রামে অবস্থান করছেন।
সভায় আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয় এবং চার দিনের নতুন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার চট্রগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে চট্রগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে অনশন কর্মসূচী, ২১ এপ্রিল সাংবাদিক ইউনিয়নগুলোর মধ্যে মতবিনিময়, ২২ এপ্রিল মানববন্ধন ও চার ঘন্টার কলম বিরতি এবং ২৪ এপ্রিল প্রেসক্লাব প্রাঙ্গনে দুই ঘন্টার প্রতীক অনশন।
চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্রগ্রাম প্রেসক্লাব, চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্রগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএফইউজে সদস্য জাহিদুল করিম কঁচি।
সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সাংবাদিক মোহাম্মদ ইউসূফ, অঞ্জন কুমার সেন, মোস্তাক আহমেদ, এম নাসিরুল হক, আসিফ সেরাজ, রেজা হায়দার, কাশেম মাহমুদ, আহমেদ করিম, সহিদুল ইসলাম, ইজাজ ইউসুফ, দিদারুল আলম, হাসান ফেরদৌস, নিরুপম দাস গুপ্তা, জুবায়ের সিদ্দিকী, তপন চক্রবর্তী, প্রদীপ শীল প্রমুখ।
সোমবার চট্রগ্রামে বাংলাদেশ--আস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের প্রথম দিন পুলিশের বর্বর হামলায় কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হয়, যার মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
চট্রগ্রামের সাংবাদিকরা বুধবার ওই হামলার প্রতিবাদে তিন ঘন্টার কর্মবিরতী এবং কালো কাপড় পরিধান কর্মসূচী পালন করেন।
