সব ধরনের ক্রিকেট বয়কট করবেন সাংবাদিকরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ বয়কটের পর এবার সবধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। আগামী ২২ এপ্রিলের মধ্যে সাংবাদিকদের দাবীসমূহ মেনে নেওয়া না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত হয়েছে বুধবার।
ঢাকা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে বুধবার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এক সভায় মিলিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহন করেন।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি মঞ্জুরুল হক এবং বাংলাদেশ স্পোর্টস রাইটার্স অ্যাসোসিয়েশনের (বিএসডব্লিউএ) সাধরণ সম্পাদক দুলু মল্লিক এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে সাংবাদিক -- শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে দেশের প্রায় সব সাংবাদিক সংগঠন আন্দোলনের একই প্লাটফর্মে এসে দাঁড়িয়েছে।
জাতীয় প্রেসক্লাবে ঐক্য পরিষদের সভায় নেতৃবৃন্দ ক্রীড়া সাংবাদিকদের বর্তমান আন্দোলনের সাথে তাদের একাত্মতার বিষয়টি পূর্নব্যক্ত করেন। সেইসাথে আগামী ২২ এপ্রিল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সাংবাদিক -- শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এক প্রতিবাদ র্যালি আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সভায় ঐক্য পরিষদের ফজলে ইমাম, ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, মঞ্জুরুল আহসান বুলবুল, মঞ্জুরুল হক, আহত সাংবাদিক সাইদুর রহমান শামিম, উৎপল শুভ্র এং ফটো সাংবাদিক শামুল ইসলাম টেংকু বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, নির্ধাতির সময়ের মধ্যে তাদের দাবী মেনে না নেওয়া হলে আরও কঠোর অন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।
সাংবাদিকদের দাবীর মধ্যে রয়েছে- চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (বন্দর) আলী আকবর খান, সহাকারী কমিশনার এনামুল হক, সার্জেন্ট আনোয়ার সাত্তারসহ হামলার সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে চাকুরি থেকে অপসারন।
এছাড়া আহত সাংবাদিকদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপুরণ প্রদানও সাংবাদিকদের দাবীর মধ্যে রয়েছে।
উল্লেখ্য, গত রোববার চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন উপ পুলিশ কমিশনার (বন্দর) আলী আকবর খানের নেতৃত্বে পুলিশ কোন কারণ ছাড়াই সাংবাদিকদের মারধর করে। এই ঘটনায় অন্তত ২০ সাংবাদিক আহত হন।
হামলায় মারাত্মকভাবে আহত চট্টগ্রামের দৈনিক পূর্বকোনের ফটো সাংবাদিক আনুরূপ টিটুকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের চিকিৎসকরা টিটুকে দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
এদিকে রোববারের হামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীরা কালো ব্যাজ ধারন করবেন। বুধবার সারা দেশের সাংবাদিক সমাজ সকাল দশটা থেকে চার ঘন্টার কলম বিরতি কর্মসূচী পালন করেছেন।
সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশ জুড়ে সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ জানানো অব্যাহত রয়েছে। বুধবার চট্টগ্রাম, কুমিল্লা, মৌলভীবাজার, নোয়াখালী, ঝালকাঠি, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচী পালন অব্যাহত ছিল।
এর আগে সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাজেদুল হক সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্য সাংবাদিক এবং ফটো সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রর্থনা করেন। তাছাড়া ঘটনার মূল উদঘাটনে স্বরাষ্ট্রন্ত্রনালয় থেকে পুলিশের ডিআইজি (সদরদপ্তর) আমিনুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
কিন্তু এরই মধ্যে হামলার সাথে জড়িত অভিযুক্ত পুলিশ সার্জেন্ট আনোয়ার বুধবার প্রথম আলোর আহত ফটো সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়ের করার ফলে সাংবাদিকদের সাথে আলোচনায় অচলাবস্থা তৈরীর আশংকা দেখা দিয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ এবং ১৪ দল, সিপিবি, গণফোরাম, বিকল্পধারা, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন সাংবাদিকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা এং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
