অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ৬৭
চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের উদ্বোধনী দিনের খেলার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ৬৭ সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
গত ম্যাচে শতরান করা ব্যাটস্ম্যান শাহরিয়ার নাফিস সকালে শূন্যরানে সাজঘরে ফেরেন এবং অধিনায়ক হাবিবুল বাশার মাত্র নয় রান করে আউট হয়ে যান। আউট হওয়া অন্য দুই ব্যাটস্ম্যান হচ্ছেন জাভেদ ওমর (২) এবং মোহাম্মদ আশরাফুল (৬)।
অস্ট্রেলিয়ার পক্ষে পেস বোলার জেসন গিলেস্পি ১১ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন। শেন ওয়ার্ন ১১ রান দিয়ে এক উইকেট লাভ করেছেন।
উল্লেখ্য, সকালে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক ও অস্ট্রেলিয়ার পক্ষে ডি জে কুলেনের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ফতুল্লায় উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করে ১--০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
