২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ গেমসে অংশ নিতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অষ্টাদশ কমনওয়েলথ গেমসে অংশ নিতে বাংলাদেশ দল রোববার সকালে ঢাকা ছেড়ে গেছে। ৩৫ সদস্যের দলে ১৩ জন কর্মকর্তা, আটজন শ্যূটার, চার জন সাঁতারু, তিনজন ভারোত্তোলক, দুই জন অ্যাথলেট এবং দুই জন মানসিক প্রতিবন্ধী খেলোয়াড় রয়েছেন। ১৫ মার্চ থেকে শুরু হবে গেমস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট মঈন ইউ আহমেদ, মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, শেফ দ্য মিশন সালাহউদ্দিন আহমেদ এমপি, টিম ম্যানেজার ইশতিয়াক আহমেদ কারেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

চার বছর আগে সর্বশেষ কমনওয়েলথ গেমসের শ্যূটিংয়ে (১০ মিটার এয়ার রাইফেল) স্বর্নপদকজয়ী কৃতি শ্যূটার আসিফ আহমেদ এবারও তার প্রিয় ইভেন্টে লড়বেন। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে আসিফের সঙ্গী হবেন অঞ্জন কুমার সিংহ। এছাড়া সাইফুল আলম রিনি ৫০ মিটার থ্রি পজিশন ও প্রোন, তৌফিকুর রহমান দশ মিটার এয়ার পিস্তল, সাবরিনা সুলতানা ৫০ মিটার থ্রি রাইফেল পজিশন, সুরাইয়া আক্তার ৫০ মিটার রাইফেল প্রোন এবং সাফ গেমসে স্বর্নপদকজয়ী শারমিন আক্তার দশ মিটার এয়ার রাইফেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

সাঁতারু রুবেল রানা ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক, জুয়েল আহমেদ ৫০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইল, সবুরা খাতুন ৫০ মিটার ব্রেষ্টস্ট্রোক ও ১০০ মিটার বাটারফ্লাই, কাজী মনিরুল ইসলাম ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে লড়বেন।

অ্যাথলেটদের মধ্যে ফৌজিয়া হুদা জুঁই লং জাম্পে এবং তৌহিদুল ইসলাম ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহন করবেন। ভারোত্তোলক দলে রয়েছেন মোল্লা সাব্বির, হামিদুল ইসলাম এবং আকরামুল হক।

উপরোক্ত চারটি ইভেন্ট ছাড়া দুই প্রতিবন্ধী খেলোয়াড় শহীদুল ইসলাম খান এবং ফরিদা আক্তার আসমা যথাক্রমে অ্যাথলেটিকস এবং টেবিল টেনিসে লড়াই করবেন।