২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে ২-১ এগিয়ে রয়েছে ভারত। কিন্তু তারপরও নিশ্চিত হতে পারছেনা রাহুল দ্রাবিড়ের দল। মুলতানে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ জিতে সিরিজ আগেভাগেই নিশ্চিত করে ফেলতে চাচ্ছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পেশোয়ারে প্রথম ম্যাচ হারলেও রাওয়ালপিন্ডি এবং লাহোরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি দাপটের সাথে জিতে নেয় ভারত। এখন মুলতানেও জয় চান অধিনায়ক দ্রাবিড় এবং কোচ গ্রেগ চ্যাপেল।

মুলতানের এই মাঠেই ২০০৪ সালে বীরেন্দ্র শেওয়াগ নিজের তো বটেই ভারতের হয়ে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন। নিজের লাকি গ্রাউন্ডে কিন্তু এবার তার খেলা হচ্ছে না। কাঁধের ইনজুরির জন্য লাহোর থেকেই দিল্লি ফিরে গেছেন শেওয়াগ।

অন্যদিকে পাকিস্তানের চিত্রটা সম্পূর্ন ভিন্ন। ইনজুরির থাবায় আক্রান্ত হয়ে মাঠে বাইরে চলে গেছেন শহিদ আফ্রিদি এবং শোয়েব আখতার। আফ্রিদি দুই সপ্তাহ মাঠের বাইরে থাকলেও পুরো ওয়ানডে সিরিজই খেলা হচ্ছে না রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। তবে পাকিস্তানের সামনে সিরিজে ফেরার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। করাচিতে রোববার পঞ্চম ম্যাচ পর্যন্ত সুযোগ থাকছে তাদের সামনে।

ভারতীয় ব্যাটিং লাইন এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে তাতে করে তাদের রাশ টেনে ধরতে রীতিমত যুদ্ধ করতে হবে পাকিস্তানিদের। টেস্টে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর ওয়ানডেতে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

মুলতানে সম্ভবত ক্যারিয়ারের ৩৬২ তম ম্যাচ খেলতে যাওয়া শচীন টেন্ডুলকার রয়েছেন দারুন ফর্মে। তিন ম্যাচে ৭৯ গড়ে তার সংগ্রহ ২৩৭ রান। এতে আবার একটি সেঞ্চুরি এবং ৯৫ রানের একটি ইনিংসও রয়েছে।

মিডল অর্ডারে যুবরাজ সিংকে সিরিজে অনেকটাই পরিণত মনে হচ্ছে। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে দু’টি হাফ সেঞ্চুরি সহ ২০০ রান করেছেন বাঁ হাতি এই ষ্টাইলিশ ব্যাটসম্যান। সাথে উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনীর ঝড়ো ব্যাটিংতো রয়েছেই। লাহোরে হেসেখেলে জিতলেও মুলতান ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে হলে ক্যাচ ধরার দক্ষতা আরও বাড়াতে হবে ভারতীয় ফিল্ডারদের।

বিপরীতে সিরিজে ফিরতে হলে সব বিভাগেই উন্নতি ঘটাতে হবে পাকিস্তানকে। বোলিং শক্তি বাড়াতে শোয়েব আখতারের পরিবর্তে পুনরায় দলে ডাকা হয়েছে পেসার মোহাম্মদ সামিকে।

লাহোরে প্রথম টেস্ট খেলেই সাইড লাইনে চলে যান সামি। দলে ঢোকেন মোহাম্মদ আসিফ। আর সুযোগ পেয়েই যোগ্যতার প্রমান দিয়েছেন আসিফ। সামিকে দলে জায়গা করে দিতে তরুণ ব্যাটসম্যান ইয়াসির আরাফাতকে সরে দাঁড়াতে হতে পারে। ব্যাটিংয়ে শোয়েব মালিক রয়েছেন দুর্দান্ত ফর্মে। প্রথম তিন ম্যাচে ৯৭ দশমিক ৬৬ গড়ে তার সংগ্রহ ২৯৩ রান (এক সেঞ্চুরি, দু’টি হাফ সেঞ্চুরি)। দুর্ভাগ্যজনক হলেও সত্যি দলের আর কোন ব্যাটসম্যানই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

দুই দলের সম্ভাব্য খেলোয়াড় তালিকা:

পাকিস্তান- ইমরান ফারহাত, কামরান আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হক (অধিনায়ক), ইউনিস খান, ফয়সাল ইকবাল, আব্দুল রাজ্জাক, ইয়াসির আরাফাত, মোহাম্মদ সামি, মোহাম্মদ আসিফ। সুপার সাব: রাও ইফতেখার আঞ্জুম।

ভারত- গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, ইরফান পাঠান, রাহুল দ্রাবিড় (অধিনায়ক), যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, মহেন্দ্র সিং ধোনী, সুরেশ রায়না, অজিত আগারকার, এস শ্রীশান্থ, রুদ্র প্রতাপ সিং। সুপার সাব: রমেশ পাওয়ার।