অবসর নিয়ে ফেলছেন ওয়ার্ন আর ম্যাকগ্রা?
শেন ওয়ার্ন আবার সংবাদ শিরোনামে। শুনে বলবেন নিশ্চয়ই, “এতে অবাক হওয়ার কী আছে? আর এক উইকেট পেলে টেস্ট ক্রিকেটে যার ৭০০ উইকেট হয়ে যাবে, তার শীর্ষ খবর হওয়া তো খুবই স্বাভাবিক।” খবর এসেছে শেন ওয়ার্ন নাকি অবসর নিয়ে ফেলছেন।
এবার নিশ্চয়ই আপনি অবাক? বুধবার অবাক করা এই খবরটি দিয়েছে দি নাইন নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার এই টিভি চ্যানেলের দেওয়া খবর অনুযায়ী ওয়ার্ন একা নন, অ্যাশেজ সিরিজ শেষে গ্লেন ম্যাকগ্রাও বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে!
এ খবর তোলপাড় তুলেছে অস্ট্রেলিয়ায়। সেটাই স্বাভাবিক। কারণ, একই দিনে সিডনির এক পত্রিকার কলামে ওয়ার্ন লিখেছেন খুব শিগগিরই অবসর নেওয়ার কোনো ইচ্ছে তার নেই। তাহলে? সবই কি গুজব? গুজব হলে টিভি চ্যানেলটি কি করে খবরের সঙ্গে আরো যোগ করল যে, আগামী বৃহস্পতি বার মেলবোর্নে সংবাদ সম্মেলন ডেকে নিজেই অবসর ঘোষণা করতে যাচ্ছেন শেন ওয়ার্ন? কলামের মন্তব্য ঠিক, নাকি দি নাইন নেটওয়ার্কের খবর-এ বিষয়ে অনেকের মতে সর্বকালের সেরা স্পিনার ওয়ার্নের কোনো মন্তব্য অস্ট্রেলিয়ার পত্র-পত্রিকাতে আসেনি।
ওদিকে ম্যাকগ্রার প্রতিক্রিয়াও জানা যায়নি। এমনিতে ওয়ার্ন আর ম্যাকগ্রা অবসর নিতে পারেন এমন খবর এর আগে দু একবার অস্ট্রেলিয়ার মিডিয়ায় আমল পেয়েছে। ইনজুরি সমস্যা এবং ক্যান্সার আক্রান্ত স্ত্রী-র পাশে থাকার জন্য প্রায় দশ মাস
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ম্যাকগ্রা। ক্রিকেটে সদ্য ফিরেছেন, এরই মধ্যে তার অবসরে চলে যাওয়ার খবর। তার আর ওয়ার্নকে নিয়ে প্রচারিত খবর সত্য কিনা তা জানতে চাওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেটের মুখপাত্র পিটার ইয়ং সরাসরি কিছু বলতে পারেননি,“ এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এ দুজন খেলোয়াড় তো নিজ নিজ জায়গায় সেরা। তাদের ভবিষ্যত তাদের হাতেই। কখন ইতি টানবেন এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার।”
ওয়ার্নের সম্পর্কে মন্তব্য চাওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট-এর নির্বাচক ডেভিড বুন শুধু বলেছেন, “ ও সত্যিই অফিসিয়ালি ঘোষণ্টা দিতে চলেছে , নাকি পুরো ব্যাপারটিই গুজব তা আমি জানি না। তবে খবরটি শুনে আমি খুবই অবাক হয়েছি।”
