২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপান্তরটা দারুণ উপভোগ করছেন বাশার

পুরস্কার প্রদান অনুষ্ঠানের ‘অ্যাংকর‘ লক্ষণ শিবারাম কৃষ্ণান টানা চার ম্যাচ জেতার অনুভূতি জানতে চাইলেন হাবিবুল বাশারের কাছে। বাংলাদেশ অধিনায়ক সেটা জানালেন না। হয়তো তার মূল লক্ষ্যটা এখনো অর্জিত হয়নি বলেই। তাই এক কথায় উত্তর দেয়ার কাজ সারলেন, “উই ওয়ানা মেক ইট ফাইভ-নীল।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

শনিবার সকালে সিরিজের শেষ ম্যাচে এই লক্ষ্যপূরণের স্বপ্ন নিয়েই টস করতে নামবেন তিনি। আর বিকেলে সেই স্বপ্নের বন্দরে নোঙ্গর ফেলা হয়ে গেলে নিশ্চয়ই অন্যরকম এক অনুভূতি ছুঁয়ে যাবে তার মন আর প্রাণ। নাহ, সেটা শূধুই হোয়াইটওয়াশের জন্য নয়। অধিনায়ক হিসেবে নিজের ৫০-তম ম্যাচেই তা হওয়ার জন্য অবশ্যই।

সেই ক্ষণের আগে অধিনায়ক জীবনের নতুন দিগন্ত খুলে যেতে দেখার আনন্দটা কিন্তু লুকাচ্ছেন না তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ দলের বড়োসড়ো রুপান্তরটা এখন খালি চোখেই ধরা পড়ছে। “সে এমন একটা সময় ছিল...”-দলের বেদনার গল্পটা এভাবেই চাইলে শুরু করতে পারেন তিনি। যখন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাথা নীচু করে যেতেন হাবিবুল। অজস্র বাঁকা প্রশ্নের তীর বিদ্ধ করতো তাকে। সেই দুঃখের বয়ান শুক্রবার বিকেলেও মনের চাতাল ছেড়ে বেরুলো, “একটা সময় ছিল যখন প্রেস কনফারেন্সে যাওয়ার পর অনেক নেগেটিভ প্রশ্নের মুখোমুখি হতে হতো।” দেশের বাইরে খেলতে গেলে তো সে রকম অভিজ্ঞতা আরো বেশি হতো।

কিন্তু এখন অবস্থা সেরকম নয়। বাংলাদেশ নিয়মিতই জয় পাচ্ছে বলে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার সময়ও অপার আনন্দ সঙ্গী হয়ে থাকে তার। বিষয়টাকে হাবিবুল দেখছেন এভাবে, “এই রুপান্তরটায় ভীষণ গর্বিত হই আমি। দারুণ উপভোগ করছি।”

আর বাংলাদেশ দলকে ৫০-তম ম্যাচে নেতৃত্ব দিতে নামার আগে প্রাপ্তির নোটবুকে টুকে নেওয়ার মতো দামী জিনিষও পাচ্ছেন তিনি, “ অধিনায়ক হিসেবে কখন যে ৫০-তম ম্যাচে নেতৃত্ব দেয়ার সময় এসে গেল, খেয়ালই করিনি। আমার নেতৃত্বে বাংলাদেশ দল ভালো করছে। এটা অনেক বড়ো পাওয়া।”

এর সঙ্গে হাবিবুল আরেকটা বিষয়ও যোগ করতে চাইছেন। জিম্বাবুয়েতে এ বছরই সিরিজ হেরে আসার পরও বলে যাচ্ছিলেন তাদের চেয়ে তার দলই এগিয়ে। কিন্তু হেরে আসার পর তা প্রমাণ করা কঠিন। এখন চলতি সিরিজ সেই উপলক্ষ্যও এনে দিয়েছে , পাশাপাশি তা দুই দলের পরিষ্কার ব্যবধান নির্দেশ করছে বলেও দাবি হাবিবুলের, “আমার মনে হয় ব্যবধানটা আমরা এই সিরিজে একটু পরিষ্কার করতে পেরেছি। ৫-০ তে সিরিজ জিতলে সেকথা আর আমাদের বলতে হবে না । লোকেই বলবে।”

এজন্যই শনিবার স্রেফ আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও সিরিয়াসনেসে কোনোরকম ছাড় দেয়ার পক্ষপাতী নন তিনি, “এখন ভালো সময় পার করছি আমরা। তাই আত্মতৃপ্তিতে ভুগে এই ভালো সময়টা কিছুতেই নষ্ট করতে চাইছি না।” তার দলের খেলোয়াড়রাও নিশ্চয়ই নেতৃত্বের ৫০-তম ম্যাচে জয় তুলে দেওয়ার জন্য হাবিবুলের খুঁজে পাওয়া আরেকটা নতুন জিনিষও দেখাবেন, ‘‘এই সিরিজে দলের খেলোয়াড়দের মাঝে খুনে মানসিকতাও খুঁজে পেলাম।” তাই কৃষ্ণানকে দেয়া হাবিবুলের উত্তরটার ভিত্তি কিন্তু অনেক।