এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের উদ্বোধন
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং অস্ট্রেলিয়ান ওপেন ডেভলপমেন্ট ফান্ডের পৃষ্ঠপোষকতায় রোববার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে এশিয়ান অনুর্ধ্ব-১৪ টেনিস সিরিজের উদ্বোধন হয়েছে।
সিরিজে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নিচ্ছে।
তবে আজ টুর্নামেন্টের উদ্বোধন হলেও সোমবার থেকে খেলা কোর্টে গড়াবে।
ছয়দিনব্যাপী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার রিচার্ড রজার্স। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি তৌফিক এম সেরাজ, সাধারণ সম্পাদক সানাউল হক এবং টুর্নামেন্ট পরিচালক এম খসরু এ সময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের বালক একক, বালক দ্বৈত, বালিকা একক, বালিকা দ্বৈত ইভেন্টে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মোট ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহন করবেন। টুর্নামেন্টে বাংলাদেশের ২৪ জন বালক ও আটজন বালিকা অংশগ্রহন করবেন।
সিরিজের চ্যাম্পিয়নরা পরবর্তীতে অস্ট্রেলিয়ায় ফলোআপ প্রশিক্ষণে অংশগ্রহনের সার্টিফিকেট লাভ করবেন।
এশিয়ান টেনিস ফেডারেশনের বালক দ্বিতীয় শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ার টিটো পারুলিয়ান হিউতার্ক এবং বালিকা দ্বিতীয় শীর্ষ বাছাই গ্রেস সারি সিদোরা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
