২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ গেমসের মশাল ‘কুইনস ব্যাটন’ শনিবার ঢাকায় আসছে

২০০৬ সালের কমনওয়েলথ গেমসের মশাল ‘কুইনস ব্যাটন’ পাকিস্তান, ভারত হয়ে শনিবার ঢাকায় এসে পৌঁছবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এরপর এটি শ্রীলংকা, মালদ্বীপ, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের পথে রওনা হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, কোষাধ্যাক্ষ মনিরুল হক এবং উইং কামান্ডার জাফর ইমাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মশাল গ্রহণ করবেন। মশালটি নিয়ে আসা রিলে দলটি ওইদিন রাতে হোটেল শেরাটনে অবস্থান করবেন।

পরদিন রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণের জন্য নিয়ে যাওয়া হবে। শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে।

কমনওয়েলথ গেমসের স্বর্ণ বিজয়ী শুটার আসিফ মশালে বাংলাদেশের পক্ষ থেকে অগ্নি প্রজ্জ্বলন করবেন।

বাংলাদেশের আনুষ্ঠানিকতা শেষে মশালটি শ্রীলংকা, মালদ্বীপ, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের পথে রওনা হবে।

এ বছরের মার্চ মাসে বার্কিংহাম প্যালেস থেকে মশালটি বের করা হয়। এক লাখ বার হাজার পাঁচ শ’ মাইল পথভ্রমণ শেষে আগামী বছর মেলবোর্ণে এর যাত্রা শেষ হবে।

স্বর্ণ এবং ম্যাগনেসিয়ামের এই মশাল আধুনিক প্রযুক্তিতে তৈরী। এর মধ্যে একটি স্যাটেলাইট ট্র্যাকিং ডিভাইস এবং ব্যাটন ক্যামেরা রয়েছে।

কমনওয়েলথ গেমসের আগে মশাল প্রদক্ষিণ একটি ঐতিহ্য। এটি সংহতি, আনন্দ এবং একতার প্রতীক।