জয়ের আশা নিয়ে বুধবার শ্রীলংকা যাচ্ছে টাইগাররা
একদিকে দু’একটি ম্যাচ জয়ের স্বপ্ন, অন্যদিকে সারা ক্রিকেট দুনিয়াকে জানিয়ে দিতে হবে বাংলাদেশ পিছিয়ে নেই। সবমিলিয়ে একবুক আশা নিয়েই বুধবার তিনটি ওয়ানডে আর দু’টি টেস্ট খেলতে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় দল।
স্থানীয় একটি হোটেলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের কোচ ডেভ হোয়াটমোরের মুখ থেকেই বের হয়ে আসে ম্যাচ জয়ের স্বপ্নের কথা। সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার এবং ম্যানেজার লেফটেন্যান্ট কর্ণেল (অব) এমএ লতিফ উপস্থিত ছিলেন।
কোচ ডেভ বলেন, আমরা যেভাবে চেষ্টা করছি তাতে করে আমাদের আরও উন্নতি করার সুযোগ রয়েছে, তাছাড়া শ্রীলংকার অবস্থান যেমন ভিন্ন, বর্তমান বাংলাদেশ দলটিও ভিন্ন একটি দল। হোয়াটমোর বলেন আমাদের উন্নতি সঠিক পথেই এগুচ্ছে এবং এই পথেই আমাদের জয় পেতে হবে, একটি অথবা দু’টি অসাধারণ জয়ের মাধ্যমে দলের উন্নতিটা অন্যদের কাছে পরিস্কার হয়ে যাবে।
বাংলাদেশ ২০০২ সালের জুলাই-আগস্টে শ্রীলংকার বিরুদ্ধে পূর্ণ সিরিজ খেলে। তখন ডেভ হোয়াটমোর ছিলেন শ্রীলংকার কোচ আর বাংলাদেশের দায়িত্ব ছিল কোচ মহসিন কামালের হাতে।
শ্রীলংকার বিরুদ্ধে টাইগারদের প্রথম পূর্ণাঙ্গ সিরিজের ফলাফল মোটেই সুখকর ছিল না। স্বাগতিকদের বিরুদ্ধে দুই টেস্টের প্রথমটিতে এক ইনিংস ১৬৯ রানে এবং দ্বিতীয় টেস্টে ২৮৮ রানে হারমানে টেস্ট অঙ্গনের শিশু বাংলাদেশ। তিনটি ওয়ানডের প্রথম দু’টিতে যথাক্রমে পাঁচ ও আট উইকেটে এবং তৃতীয় ওয়ানডেতে ৫৮ রানে হারে বাংলাদেশ।
কিন্তু সময় বদলেছে, বাংলাদেশ দলের শক্তিতেও এসেছে পরিবর্তন। দলের সাম্প্রতিক যে পারফরমেন্স, সেই বিবেচনায় দ্’ুএকটি জয়ের আশা করতেই পারেন কোচ, অধিনায়ক। দলে রয়েছেন বেশ কয়েকজন ম্যাচ উইনার ব্যাটসম্যান, যারা সেরা খেলাটা উপহার দিয়ে ম্যাচের ফলাফল নিজেদের আয়ত্বে নিয়ে আসতে সক্ষম।
সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ বিজয়, শক্তিশালী ভারত ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় বাংলাদেশকে ক্রিকেট বিশ্বে পরচিতি এনে দিয়েছে।
২০০২ সালের পর শ্রীলংকাগামী বর্তমান ওয়ানডে স্কোয়াডে অভিজ্ঞ অধিনায়ক বাশার, পাইলট, সুজন, রফিক, তুষার এবং আশরাফুল ছাড়াও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। অভিজ্ঞ এই যোদ্ধারা রয়েছেন ২০০২ থেকেই। আর তখনকার টেস্ট স্কোয়াডের বাশার, পাইলট, আশরাফুল এবং তুষার ছাড়া বাকি সবাই নতুনমুখই বলা যায়।
দলের প্রস্তুতির ব্যাপারে মোটামটি খুশি কোচ ডেভ। বিশেষ করে ইনডোর অনুশীলন নিয়ে বেশি খুশি তিনি। কোচের মতে কয়েকজন নেট বোলার শ্রীলংকা দলের কয়েকজন বোলারের মত বল করায় অনুশীলনটা আরও অর্থবহ হয়েছে।
এর আগে শ্রীলংকা দলের কোচর দায়িত্ব পালন করায় দল তার কাছ থেকে কিভাবে উপকৃত হবে জানতে চাইলে হোয়াটমোর বলেন, দলের জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অধিনায়ক বাশারও কোচের সাথে সুর মিলিয়ে বলেন, দু’একটি ম্যাচে ভালো করা নয়, ব্যক্তিগত পারফরমেন্সের মাধ্যমে একটা ভালো ফলাফল অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। বাশার বলেন, শ্রীলংকার বিরুদ্ধে জয়ের কাছাকাছি যেতে পারলে মনে করব দল সঠিক পথেই এগুচ্ছে। আর শ্রীলংকায় কোন জয় আপসেট নয় দলের উন্নতির চিত্রই প্রকাশ করবে।
দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান বাশার মনে করেন ওয়ানডের নতুন পদ্ধতি ‘সুপার সাব’ এর কারণে ওয়ানডেতে দুই দলই চ্যালেঞ্জের মুখে পড়বে। বাশার বলেন, সুপার সাব পদ্ধতিতে ফ্লিডিংয়ের বাধ্যবাধকতা বাংলাদেশ এবং শ্রীলংকার জন্য নতুন কারণ দু’দলই নতুন নিয়মে এখন পর্যন্ত খেলেনি।
ইংল্যান্ডে দলের ফিল্ডিংয়ের চিত্রটা খুব একটা ভালো না হলেও অধিনায়ক ব্যাটিং এবং বোলিং অপেক্ষা ফিল্ডিংকেই দলের শক্তিশালী দিক বলে মনে করেন।
