২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রীলংকা সফরে সম্ভাব্য সেরাদের নিয়েই দল গঠন করা হয়েছে’

অভিজ্ঞ এবং শক্তিশালী শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন সফরে সম্ভাব্য সেরাদের নিয়েই দল গঠন করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে কোচ হোয়াটমোর বলেন, শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্টের জন্য দল গঠনের ক্ষেত্রে আমরা প্রতি খেলোয়াড়ের আদ্যপান্ত আলোচনা ছাড়াও অধিনায়কের মতামতও বিবেচনায় নিয়েছি।

সংবাদ সম্মেলনে নির্বাচক আতাহার আলী খান এবং জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশারও উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের নাম ঘোষণা করে।

প্রথমবারের মত জাতীয় দল গঠনে অন্যতম ভূমিকা পালনকারী জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সংবাদ সম্মেলনে ঘোষিত দল সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং শ্রীলংকায় ভালো খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বাশার বলেন, ঘোষিত দল নিয়ে আমি সন্তুষ্ট। গত শ্রীলংকা সফর এবং এর পরবর্তী সময়ে আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি, আসন্ন সফরে তারচাইতে আরও ভালো পারফরম্যান্স প্রদর্শন করার চেষ্টা করব।

এই মুহূর্তে দেশে অবস্থানকারী একমাত্র নির্বাচক আতাহার আলী খান ঘোষিত দলে অর্ন্তভুক্ত ক্রিকেটারদের ব্যাপারে ব্যাখ্যা প্রদান করেন। প্রধান নির্বাচক ফারুক আহমেদ ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে এবং আরেক নির্বাচক গোলাম নওশের প্রিন্স বাংলাদেশ এ দলের সাথে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন।  

দলের একমাত্র নতুন মুখ সৈয়দ রাসেল সম্পর্কে আতাহার বলেন, আমাদের জাতীয় দলে অনেকদিন ধরেই বাঁ হাতি কোন বোলার নেই। মূলত দলে বৈচিত্র্য আনার জন্যই বাঁ হাতি রাসেলকে অর্ন্তভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, রাসেল বেশ কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছে, তাছাড়া ওয়ানডে বোলিংয়ে সঠিক নিশানা, লেন্থ ও সুইং প্রদর্শন করে সে নিজের যোগ্যতা প্রমান করেছে। জাতীয় দলে বৈচিত্র্য আনা এবং বাঁ হাতি একজন বোলারকে দলে অর্ন্তভুক্ত করার এটাই সঠিক সময় বলে মন্তব্য করেন আতাহার আলী খান।

এনামুল হক জুনিয়রের পরিবর্তে দলে স্পিনার আব্দুর রাজ্জাককে নেয়া প্রসঙ্গে আতাহার বলেন, টেস্টের জন্য এনামুল ঠিকই আছে, কিন্তু আমরা মনে করি, ওয়ানডের জন্য আব্দুর রাজ্জাক ভালো।

এর আগেও ওয়ানডে ম্যাচ খেলা আব্দুর রাজ্জাক তার বোলিং অ্যাকশনের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। তবে এই মুহূর্তে বোলিং অ্যাকশন শুধরে আবারও দলে ফেরার অপেক্ষায় রাজ্জাক।

ওয়ানডে স্কোয়াড থেকে ওপেনার নাফিস ইকবালকে বাদ দেয়া প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যান জানান, জুন-জুলাইতে জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে খুব একটা ভালো করতে পারেনি নাফিস। তাছাড়া বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে ইংল্যান্ড সফরে উদ্বোধনী ম্যাচে একটি সেঞ্চুরি করা ছাড়া তেমন কিছই করতে পারেনি সে।

আতাহার বলেন, আমরা তাকে বিশ্রাম দিতে চাই, যাতে করে সে আশরাফুলের মত আত্মবিশ্বাস নিয়ে ফিরতে পারে। এর আগে পাকিস্তান সফরের পর আশরাফুলকে বিশ্রাম দেয়া হয়েছিল, পরে আবার দুর্দান্তভাবে ফিরে আসেন এই লিটল মাষ্টার।

শ্রীলংকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল : হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ (সহ অধিনায়ক), খালেদ মাহমুদ, তুষার ইমরান, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ, মাঞ্জারুল ইসলাম রানা, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, শাহরিয়ার নাফিস এবং আব্দুর রাজ্জাক।

পরবর্তীতে টেস্ট দলে যে চারজন যোগ দেবেন, তারা হলেন এনামুল হক জুনিয়র, শাহাদত হোসেন রাজিব, তাপস বৈশ্য ও নাফিস ইকবাল।