২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা সফর সামনে রেখে জাতীয় দল ঘোষণা, নতুন মুখ রাসেল

শ্রীলংকা সফর সামনে রেখে জাতীয় দলে ঠাঁই করে নিলেন নতুন পেসার সৈয়দ রাসেল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত দলে তিনজন স্পিনারও অর্ন্তভুক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিন সদস্যের নির্বাচক দলের মধ্যে দেশে অবস্থানকারী একমাত্র নির্বাচক আতাহার আলী খান বিডিনিউজকে জানান, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যম এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এদিকে ওয়ানডেতে নতুন নিয়ম ‘সুপার সাব’ এর জন্য রাসেলের নাম আগেই শোনা গিয়েছিল। ১৯ জুলাই ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণার সময় প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছিলেন, বোলিংয়ে বৈচিত্র্য আনার জন্য বাঁ হাতি রাসেলের কথা বিবেচনা করা হচ্ছে। কারণ রাসেল উইকেটের দুই দিকেই বল ঘোরাতে সক্ষম। প্রধান নির্বাচক ফারুক আহমেদের বক্তব্য ছিল, ঘরোয়া ক্রিকেটে ভালো সময় কাটিয়েছেন রাসেল।

বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাথে ইংল্যান্ড সফরে থাকা সৈয়দ রাসেল প্রথম শ্রেনীর ২৪ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেন। তার সেরা বোলিং ৮/৬৭।

উপমহাদেশের কন্ডিশনের কথা চিন্তা করেই নির্বাচকরা আব্দুর রাজ্জাককে দলে অর্ন্তভুক্ত করেন। গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে খেলার পর ইংল্যান্ড সফরে জাতীয় দল থেকে বাদ পড়েন রাজ্জাক।

ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, তাপস বৈশ্যর টেস্ট দলে জায়গা পাওয়া নির্ভর করছে তার ফিটনেসের উপর। 

শ্রীলংকায় তিনটি একদিনের ম্যাচ শেষে চার ক্রিকেটার নাফিস ইকবাল, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র এবং শাহাদত হোসেন রাজিব টেস্ট দলের সাথে যোগ দেবেন।

বাংলাদেশ দল : হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ (সহ অধিনায়ক), খালেদ মাহমুদ, তুষার ইমরান, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ, মাঞ্জারুল ইসলাম রানা, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, শাহরিয়ার নাফিস এবং আব্দুর রাজ্জাক।

কর্মকর্তা : ডেভ হোয়াটমোর (কোচ), লে: কর্ণেল (অব) এম এ লতিফ খান (ম্যানেজার), পল ক্লোজ (ফিজিওথেরাপিস্ট), স্টুয়ার্ট কার্পিনেন (ফিটনেস অ্যাডভাইজর) এবং নাসির আহমেদ (কম্পিউটর অ্যানালিস্ট)।