২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে মোহামেডানের পয়েন্টে ভাগ বসালো আরামবাগ

জায়ান্ট কিলার খ্যাত আরামবাগ ক্রীড়া সংঘ এবার আটকে দিয়েছে মোহামেডানের জয়রথ। লিগের ফিরতি পর্বে বৃহস্পতিবার আরামবাগ ২ - ২ গোলে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডানের সাথে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এই ড্রয়ের ফলে অবশ্য মোহামেডানের অবস্থানের কোন পরিবর্তন ঘটেনি। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।

আরামবাগের একের পর এক আক্রমনের মুখে দিশেহারা মোহামেডান ভাগ্যের জোরেই ড্র করে ফিরতে পেরেছে। তা নাহলে পরাজয়ের কলংক নিয়েই মাঠ ছাড়তে হতো শিরোপা প্রত্যাশীদের।

২৬ মিনিটে মোরশেদের গোলে এগিয়ে যায় আরামবাগ। বাঁ প্রান্ত থেকে রিতুর বাড়িয়ে দেয়া ক্রসে আলতো টোকায় গোল করেন মোরশেদ। কিন্তু আরামবাগের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মোহামেডান।

গোল খাওয়ার এক মিনিট পরই পাল্টা একটি আক্রমন থেকে আরমান আজিজির গোলে ম্যাচে ফেরে সাদাকালো শিবির। ৩২ মিনিটে বাঁ দিক থেকে আলফাজের কাছ থেকে বল পেয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সিয়েরা লিয়নের স্ট্রাইকার ডোনাল্ড রবার্ট।

৬৯ মিনিটে রিন্টুর একটি তীব্র শট মোহামেডানের ডিফেন্ডার নজরুলের পায়ে লেগে জালে আশ্রয় নিলে সমতা ফেরে ম্যাচে।

৮৩ মিনিটে রিতুর আরেকটি শট মোহামেডানের গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও ক্রসবারে লেগে ফিরে যায়।

এর আগে মোহামেডানের আলফাজ ২৩ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান আরামবাগের গোলমুখে। কিন্তু আরামবাগের গোলরক্ষক শাকিলের দৃঢ়তার কাছে হার মানতে বাধ্য হন আলফাজ। শেষ পর্যন্ত এক পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।