ভুটিয়া সুস্থ হয়ে মাঠে ফিরে আসছেন
তারকা ফুটবলার, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া দু’মাস বিশ্রামের পর জন্মস্থান সিকিম থেকে কলকাতায় ফিরে এসেছেন।
তিনি তার প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গলের সাথে পুনরায় চুক্তিবদ্ধ হবেন বলে জানা গেছে। থাইরয়েড সমস্যার কারনে জুন মাসে পাকিস্তান সফরে যাওয়া ভারতীয় দলে তিনি ছিলেন না।
ভুটিয়া বলেন, আমি এখন পুরোপুরি সুস্থ। প্রাথমিক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আরোগ্য লাভের জন্য সিকিমে চলে যাই। সেখানকার আবহাওয়া খুবই চমৎকার, খাওয়া-দাওয়া ছিল ভাল এবং সব মিলিয়ে পর্যাপ্ত সেবা-যত্নও পেয়েছি। আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এসেছি এবং মাঠে নামার জন্য প্রস্তুত।
ক্লাবের ব্রিটিশ প্রশিক্ষক পিটার ম্যাকনাইট বলেন, বাইচুংয়ের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
কোচ সুভাষ ভৌমিক বলেন, বাইচুংয়ের অনুপস্থিতির কারণে জাতীয় ফুটবল লীগে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
ভুটিয়া বলেন, আমি মনে করি সুভাষ ভৌমিক খুবই ব্রিলিয়ান্ট। তিনি সত্যিই ভাল মানুষ। মাঝেমধ্যে রাগান্বিত হলেও আমি মনে করি ক্লাবের জন্য তার অবদান অনেক।
