২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড থেকে হতাশা নিয়ে ফিরলেন নাফিস ইকবাল

ইংল্যান্ডের কার্ডিফে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক পাঁচ উইকেটে জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খুশি দলের সব সদস্য, শুধু একজন ছাড়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

রোববার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সিঁড়িতে দলীয় ছবি তোলা থেকে শুরু করে নিজের সরঞ্জাম নিতে বিমানবন্দরের লাগেজ হলে যাওয়া পর্যন্ত পুরোটা সময় নাফিস ইকবালের মুখ জুড়ে ছিল শুধু বিষন্নতার ছাপ। 

বিষন্ন নাফিস লাগেজ হলে বিডিনিউজকে জানান, ইংল্যান্ড সফরে নিজের বাজে পারফরম্যান্সে তিনি হতাশ, তবে সাথে এটাও জানিয়ে দিলেন, কঠিন পরিশ্রম করে আবার দলে নিজের হারানো জায়গাটি পুনরুদ্ধার করতে চান তিনি।

ইংল্যান্ড সফরের আগে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের চার ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৩৩ রান। সর্বোচ্চ ১৫ রান। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাতিজা ২০ বছর বয়স্ক এই ওপেনিং ব্যাটসম্যান ইংল্যান্ড সফরে তার এই ব্যর্থতার কোন কারণই খুঁজে পাচ্ছেন না।

ন্যাটওয়েস্ট সিরিজে ১৮ জুন কার্ডিফে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারানো বিজয়ী দলের সাথে ছিলেন, কিন্তু প্রথম দুই ম্যাচে ২৭ রান করায় তৃতীয় ম্যাচ থেকেই সাইড লাইনে চলে যান নাফিস। 

নাফিস ইকবাল বলেন, ‘ইংল্যান্ড সফর ছিল আমার জন্য সবচেয়ে বাজে একটা সফর, কারণ এই সফরে আমি ভালো খেলতে পারিনি। তবে ভুলগুলো শুধরে নিয়ে আবার আমি ফিরে আসব।’

গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি যেমন পেয়েছেন তেমনি  দলকেও প্রথম টেস্ট জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন নাফিস। তবে তরুন এই ওপেনার মনে করেন সব ব্যাটসম্যানদেরই একটা খারাপ সময় পার করতে হয় এবং পরে সে আবার ভালোভাবেই ফিরে আসে।

টেস্ট দলে নিজের অবস্থান এবং সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে ওপেনিংয়ের ব্যাপারে কোন সন্দেহ না থাকলেও ওয়ানডে দলে নিজের জায়গাটি নিয়ে চিন্তিত নাফিস ইকবাল। এ ব্যাপারে তার বক্তব্য জচ্ছে, বর্তমানে আমার যে পারফরম্যান্স তাতে করে টেস্ট দলে আমার জায়গায় কোন প্রভাব পড়বে না, কিন্তু যেহেতু এই মুহুর্তে ওয়ানডেতে শাহরিয়ার নাফিস ও জাভেদ ভাই ভালো ওপেন করছেন সেক্ষেত্রে আমাকে একটা সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ এ দলের আসন্ন ইংল্যান্ড সফরে দলের অন্যতম সদস্য নাফিস ইকবাল অন্য এক প্রশ্নের জবাবে বলেন, ইংল্যান্ড সফর নিয়ে আমি চিন্তিত নই কারণ এই ধরনের সফর আমার জন্য কোন নতুন কিছু নয়।