২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত নয়, পাকিস্তানের কোচ হবো : আকরাম

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন, পাকিস্তানি নির্বাচকরা তাকে কোচ হবার সুযোগ দিলে তিনি সে দায়িত্ব গ্রহন করবেন। কিন্তু ভারতীয় দলের কোচ হতে রাজি নন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

গত বছর ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় ফাস্ট বোলার ইরফান পাঠানকে পরামর্শ দেয়ার কারণে সমালোচিত হন ওয়াসিম আকরাম।

করাচিতে পাকিস্তানি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার স্পন্সরদের এক অনুষ্ঠানে তিনি বলেন, তিনি পাকিস্তানের কোচ হতে রাজি কিন্তু ভারতের নয়।

আকরাম জানান, যখন তিনি পাঠানকে বোলিংয়ের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছিলেন এবং এর ফলে পাঠানের পারফরমেন্সের বেশ উন্নতি হয়েছিল। কিন্তু কিছু মহল এ নিয়ে প্রশ্ন তোলায় তিনি বিস্মত হন।

আকরাম বলেন, “এই প্রতিক্রিয়ার পর আমি বুঝতে পেরেছি যদি আমি ভারতীয় দলের কোচের দায়িত্ব নেই তাহলে জনগণ আমাকে মেরে ফেলবে।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিনি আরও বলেন, “সত্যি কথা বলতে কি, আমি এখন কোচ হতে প্রস্তুত নই। একজন ভাল কোচ হতে হলে দলকে সংগঠিত করার যোগ্যতা থাকতে হবে, যা রয়েছে বব উলমার, ডেভ হোয়াটমোর এবং জন রাইটের।”

“আমি সঠিক সময় ক্রিকেট ছেড়েছি এবং আমি খুশি। যখন মানুষ বলে তারা আমাকে মিস করছে তখন আমি বিশেষ সম্মান বোধ করি।”

পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারকেও পরামর্শ দিয়েছিলেন ওয়াসিম আকরাম।