পার্থে দক্ষিণ আফ্রিকার সামনে পাহাড়সম টার্গেট, হজ’র জোড়া শতক
পার্থের ওয়াকা গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন ব্রাড হজ’র চমৎকার জোড়া শতকে ভর করে স্বাগতিক অস্ট্রেলিয়া ৪৯০ রানের বিশাল লিড নিয়েছে। ৪৯১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীরা দিনশেষে দুই উইকেটে ৮৫ রান সংগ্রহ করেছে।
ব্রাড হজ ধীরস্থিরভাবে খেলে তার প্রথম টেস্ট শতক পূরণ করেন এবং পরবর্তীতে এ সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন। আট উইকেটে ৫২৮ রানে অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তখনও ২০৩ রানে অপরাজিত তিনি। ৩৩২ বলে ২২টি বাউন্ডারির মাধ্যমে সাজানো ছিল তার ডাবল সেঞ্চুরিটি। নবম উইকেট জুটিতে হজ এবং নাথান ব্রাকেন ৭৭ রান যোগ করেন। ব্রাকেন ১৪ রানে অপরাজিত থাকেন।
আগের দিনের চার উইকেটে ৩১০ রান নিয়ে দিনের সূচনা করেন মাইক হাসি (৫৪) এবং ব্রাড হজ (৯১)। কিন্তু স্কোর বোর্ডে ছয় রান জমা পড়তেই সাজঘরে ফেরেন হাসি। আগের দিনের ৫৪ রানের সাথে হাসি আর মাত্র চার যোগ করতে সক্ষম হন।
ম্যাচের তৃতীয় দিন ১৩ রানে লাইফ পাওয়া হজ ৯৮ রানেও আরেকবার জীবন ফিরে পান। পোলকের একটি এলবিডব্লিউয়ের জোরালো আবেদন থেকে বেঁচে যান হজ। কিন্তু শেষ পর্যন্ত সব আশংকা দুর করে ১৯৮ বলে সেই পোলককেই মিডউইকেট দিয়ে তার দশম বাউন্ডারির মাধ্যমে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে যান সবেমাত্র ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নামা এই ভিক্টোরিয়ান। পরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে তিনি খরচ করেন ১৩৪ বল।
শেষদিকে অসি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টও প্রোটিয়াস বোলারদের উপর দিয়ে ব্যাটিং তাণ্ডব চালান। ৫৮ বলে চারটি বাউন্ডারির মাধ্যমে ৪৪ রান করে আন্দ্রে নেল’র বলে রুডলফের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই হার্ডহিটিং ব্যাটসম্যান।
