২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধার মুখে ঘরোয়া ক্রিকেট সূচী

ঘরোয়া ক্রিকেটের বার্ষিক ক্যালেন্ডার বড় ধরনের বাধার সম্মুখীন হতে যাচ্ছে। দুর্যোগপূর্ন আবাহওয়ার কারণে রোববার গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগ ১৫ দিন পিছিয়ে দেয়ায় তৈরী হয়েছে জটিলতা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

একই কারনে লিগের খেলা প্রথমবার তিন দিন পিছিয়ে ২৫ তারিখে নেয়া হয়। কিন্তু আবাহাওয়ার উন্নতি না হওয়ায় লিগ আবারও পিছিয়ে পুনরায় শুরুর দিন ধার্য করা হয়েছে ৯ নভেম্বর। লিগের তৃতীয় রাউন্ডের খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।

শিরোপা প্রত্যাশী দলগুলো বৃষ্টির কারনে নীচুসারির দলগুলোর সাথে পয়েন্ট ভাগাভাগি করতে আগ্রহী না হয়ে লিগ পিছিয়ে দেয়ার আবেদন জানায়।

লিগ কমিটির সদস্য সচিব আলী হোসেন রোববার জানান, অংশগ্রহনকারী দলগুলো লিগ পিছিয়ে দেয়ার আবেদন জানিয়েছে এবং ভারী বৃষ্টিপাতের পর মাঠগুলোর আউটফ্লিড পুনরায় প্রস্তুত করতে সময় লাগবে বিধায় তাদের আবেদন বিবেচনা করা হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু ১৬ নভেম্বরের মধ্যে লিগ শেষ করতে হবে তাই লিগের পরবর্তী ম্যাচগুলো শুধুমাত্র ঢাকার তিনটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ৮ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রথমশ্রেনীর ক্রিকেট জাতীয় লিগ শুরুর কথা রয়েছে। ফলে একই সময়ে জাতীয় লিগ ও কর্পোরেট লিগ শুরু করা নিয়ে জটিলতা তৈরী হতে যাচ্ছে।

তবে ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহ নুরুল কবির শাহীন রোববার বলেন, বার্ষিক ক্যালেন্ডার কোন বাধার সম্মুখীন হবেনা, কারন জাতীয় লিগ সাত দিন পিছিয়ে ১৫ নভেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়। কর্পোরেট লিগ ১৬ নভেম্বর সমাপ্ত করার কথা থাকলেও যদি ১৫ নভেম্বর থেকে জাতীয় লিগ শুরু হয় তাহলে দলগুলো প্রস্তুতি গ্রহন করবে কিভাবে? এছাড়া ক্যালেন্ডারে প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুর তারিখ দেয়া আছে ১ ডিসেম্বর।

শাহীন জানান, ৩১ নভেম্বরের মধ্যে জাতীয় লিগের প্রথম পর্ব শেষ করার চেষ্টা করা হবে। কিন্তু ক্যালেন্ডারে জাতীয় লিগের প্রথম পর্ব শেষ করতে অন্তত ২০ দিন লাগবে বলে দেখানো হয়েছে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

ঢাকা মহানগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন জানান, কর্পোরেট লিগ পিছিয়ে দেয়ার ব্যাপারে তাকে কেউ জানায়নি। তবে তিনি এ ব্যাপারে বোর্ডের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রিমিয়ার লিগ পিছিয়ে দেয়াটা কঠিন, যদি আমরা লিগ পিছিয়ে দেই তাহলে লিগের আকর্ষনীয় সুপার লিগ ফেব্রুয়ারির মাঝামাঝিতে চলে যাবে। আর তাহলে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা সুপার লিগ মিস করবে। জাতীয় ক্রিকেটারদের কাছ থেকে সর্বোচ্চ সার্ভিস পেতে ক্লাবগুলোও চাইবে না লিগ পিছিয়ে যাক।