২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট দলে ফিরতে পারেন মুশতাক আহমেদ

পাকিস্তানের প্রায় হারিয়ে যাওয়া লেগ স্পিনার মুশতাক আহমেদ ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী মাসে অনুষ্ঠেয় পাকিস্তানের ঘরোয়া সিরিজে প্রথম সম্ভাব্য পঁচিশ খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ খবর জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 01:12 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে স্পিনের আক্রমণে সফরকারী দলকে মোকাবেলা করার পরিকল্পনা থেকেই মুশতাককে দলে ডাকা হয়েছে। মুশতাক পাকিস্তানের পক্ষে ২০০৩ সালে তার সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছেন।

লাহোরে শুক্রবার থেকে একটি প্রশিক্ষণ ক্যাম্প শুরু হতে যাচ্ছে। চলবে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত। সেখানে মুশতাক ছাড়াও আরও চার স্পিনার দলে জায়গা পেতে প্রশিক্ষণ নেবেন।

পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াসিম বারী বলেছেন, ট্রায়াল ম্যাচের মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের দক্ষতা পরীক্ষা করা হবে। নির্বাচক কমিটির সদস্যরা সবগুলো উপায়েরই আশ্রয় নিবেন বলে তিনি জানান।

তিনি বলেন, আসন্ন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে দলে অন্তর্ভুক্ত হতে প্রত্যেক খেলোয়াড়কেই আমরা একটি সুযোগ দিতে চাই।

বারী বলেন, তৃতীয় ও চূড়ান্ত ট্রায়াল ম্যাচের পরই পাকিস্তান তার স্কোয়াড চূড়ান্ত করবে। তৃতীয় ও শেষ ম্যাচে ফাস্ট বোলার শোয়েব আখতার ও মুশতাক আহমেদ খেলতে পারেন।

৩৫ বছর বয়স্ক মুশতাক ছাড়াও দলে অনেক দিন ধরেই নিয়মিত স্পিনার দানিশ কানেরিয়া, দুই তরুণ স্পিনার আমজাদ ও ইমরান তাহির ক্যাম্পে থাকবেন। আমজাদ ও ইমরান দু’জনই লেগ স্পিনার। অপরদিকে দলের একমাত্র অফস্পিনার হিসেবে আরশাদ খান থাকতে পারেন।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে মুশতাক চলতি মৌসুমে ৮০ টি উইকেট নিয়েছেন।

২৬ অক্টোবর ইংল্যান্ড দল পাকিস্তানে পৌঁছাবে। মুলতানে ১ অক্টোবর প্রথম টেস্টটি শুরু হবে।

সম্ভাব্য দলে রয়েছেন : ইনজামামুল হক, সালমান বাট, শোয়েব মালিক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, হাসান রাজা, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, দানিশ কানেরিয়া, ওমর গুল, মোহ্ম্মাদ সামি, রানা নাভেদ-উল-হাসান, সাব্বির আহমেদ, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ, ইমরান তাহির, মুশতাক আহমেদ, আসিম কামাল, শাহিদ আফ্রিদী, বাজিদ খান, শাহিদ নাজির, ফয়সাল ইকবাল, মনসুর আমজাদ, ইমরান ফরহাত, আরশাদ খান।