২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট লিগে সিকিউরিটি এয়ার এক্সপ্রেসের জয়

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বুধবার গ্রামীনফোন তৃতীয় কর্পোরেটি ক্রিকেট লিগে সিকিউরিটি এয়ার এক্সপ্রেস পাঁচ উইকেটে হারিয়েছে বাংলা ক্যাটকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

চট্টগ্রাম স্টেডিয়ামের ম্যাচটি নির্বিঘ্নে সম্পন্ন হলেও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গাজী ট্যাংক ক্রিকেটার্স বনাম ইপিলিয়ন গ্রুপ এবং খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আরাফ অ্যাপারেলস বনাম এমএম ইস্পাহানী লিমিটেডের মধ্যকার ম্যাচ দু’টি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়।

চট্টগ্রামে সিকিউরিটি এয়ার টসে জিতে প্রথমে বাংলা ক্যাটকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায়। বাংলা ক্যাট ৪৮ দশমিক ৫ ওভারে মাত্র ১৮১ রানে অল আউট হয়ে যায়। দলের অধিনায়ক নুরুজ্জামান ১০০ বলে ছয়টি চারের সহায়তায় সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া ফরহাদ রেজা ৫০ বলে করেন ২৭ রান।

দলীয় ৫২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্য্টাসম্যান ৬১ রান যোগ করেন। পরে দু’জনই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান। সিকিউরিটি এয়ারের দুই পেসার গোলাম রাব্বী ও নাঈম তিনটি করে উইকেট লাভ করেন।

জবাবে সিকিউরিটি এয়ার এক্সপ্রেস মোবাল্লেকের হাফ সেঞ্চুরির সুবাদে ৪৭ দশমিক ১ ওভারে ১৮৫ রান করলে প্রথম জয়ের স্বাদ পায় নবাগতরা। প্রাথমিক অবস্থায় বিপদের মুখে পড়লেও ওপেনার উত্তম (৬৮ বলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪১ রান) ও মোবাল্লেক তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান করে বিপদ সামাল দেন।

মোবাল্লেক ১১৫ বলে ৫১ এবং পরে সালাউদ্দিন উজ্জ্বল ৬৬ বলে ৩৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলা ক্যাটের ফরহাদ রেজা, নুরুজ্জামান ও এনামুল হক জুনিয়র একটি করে উইকেট লাভ করেন।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টির কারনে ম্যাচের পরিধি কমিয়ে ২০ ওভারে নামিয়ে আনা হয় এবং প্রথমে ব্যাট করে ইপিলিয়ন গ্রুপ ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৪ রান করে।

জয়ের লক্ষ্যে গাজী ট্যাংকস ১৮ দশমিক ২ ওভারে ১৩২ রান করার পর আলোর স্বল্পতার কারনে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে কোন মাঠে গড়ানোর আগেই বৃষ্টির কারনে আরাফ আ্যাপারেলস ও এম এম ইস্পাহানীর মধ্যকার ম্যাচ বাতিল হয়ে যায়।

লিগের তৃতীয় রাউন্ড শেষে এ গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছে ইপিলিয়ন গ্রুপ ও গাজী ট্যাংকস ক্রিকেটার্স। তিন পয়েন্ট করে নিয়ে এরপরই ইস্পাহানী ও আরাফের অবস্থান। এছাড়া সিকিউরিটি এয়ার এক্সপ্রেস দুই পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলা ক্যাট এখনও পয়েন্টের মুখ দেখেনি।