স্পার্টা প্রাগকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল
থিয়েরি অঁরির দুই গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল হারিয়েছে স্পার্টা প্রাগকে।
এ দুই গোল করে অঁরি আর্সেনালের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করলেন।
খেলার পনের মিনিটের মাথায় আঘাতপ্রাপ্ত হোসে রিয়েসের পরিবর্তে খেলতে নেমে আর্সেনালকে খেলায় এগিয়ে দিতে অঁরি খুব বেশি সময় নেননি।
খেলার একুশ মিনিটের মাথায় তিনি ম্যাচের প্রথম গোল ও ক্যারিয়ারে আর্সেনালের পক্ষে ১৮৫তম গোল করেন। এর মাধ্যমে অঁরি ক্লাবের আগের সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ইয়ান রাইটকে স্পর্শ করেন।
এ জয়ের ফলে আর্সেনাল চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে জয়ের শতভাগ ধারা বজায় রাখলো।
গ্রোয়েন ইঞ্জুরির কারণে টানা সাত ম্যাচ সাইডলাইনে বসে থাকার পর মঙ্গলবারই প্রথম অঁরি মাঠে ফেরেন।
ম্যাচের ৭৪ মিনিটে অঁরি পাইরেজের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দ্রুতগতির এক শটে স্পার্টার গোলরক্ষক ব্লাজেককে পরাস্ত করেন। আর দ্বিতীয় গোল করে ইয়ান রাইটকে ছাড়িয়ে যান।
